রাজধানীর উত্তরখান থেকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের আট নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে গোপন তথ্যের ভিত্তিতে উত্তরখানের তালতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার রাতে উত্তরখান থানাধীন তালতলা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় গোপনে বৈঠক করার অভিযোগে যুবলীগের আট নেতাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, অভিযান চলাকালে অজ্ঞাতনামা আরও অন্তত ৩০ জন যুবলীগের নেতা-কর্মী ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি পলাতক অন্য নেতা-কর্মীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।



