ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে নাসীরুদ্দীন পাটোয়ারী এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে এনসিপির কার্যালয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এ ঘোষণা দেন।
দলীয়ভাবে দুই সিটির মেয়র প্রার্থী হিসেবে নাসীরুদ্দীন পাটোয়ারী ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নাম ঘোষণা করা হয়। তারা দুজনই শাপলা প্রতীকে নির্বাচনে অংশ নেবেন।
মতবিনিময় সভায় নাহিদ ইসলাম সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী অন্বেষণ, ওয়ার্ডভিত্তিক নাগরিক সমস্যা চিহ্নিতকরণ এবং জুলাই শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার নির্দেশনা দেন।
এ ছাড়া পতিত ও পলাতক আওয়ামী লীগের নাশকতামূলক তৎপরতার বিষয়ে কড়া নজরদারি রাখার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি।
সভায় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের এনসিপি সমর্থিত সম্ভাব্য মেয়র প্রার্থী নাসীরুদ্দীন পাটোয়ারী ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকারসহ উত্তর ও দক্ষিণ মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতারা।



