চট্টগ্রামে অনলাইন প্রতারক চক্রে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিককে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিন করে রিমান্ড চেয়েছে কাউন্টার টেরোরিজম ইউনিট (সিটিসি)।
রোববার (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশ এ আবেদন করে। শুনানি শেষে আদালত আগামী মঙ্গলবার রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন।
পুলিশের এসআই রাজীব কান্তি দে জানান, সাইবার সুরক্ষা আইনের মামলায় ৬৩ বিদেশি নাগরিককে জিজ্ঞাসাবাদের জন্য প্রত্যেকের ৭ দিন করে রিমান্ড চাওয়া হয়েছে।
পুলিশ জানায়, গত ১১ সেপ্টেম্বর খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকার ৪ নম্বর সড়কের একটি আটতলা ভবনে অভিযান চালানো হয়। কাউন্টার টেরোরিজম ইউনিট, এলআইসি শাখা, র্যাবসহ বিভিন্ন জাতীয় গোয়েন্দা সংস্থার সমন্বয়ে পরিচালিত অভিযানে ভবনের প্রতিটি তলায় সার্ভার স্টেশন তৈরি করে অনলাইন প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনার তথ্য পাওয়া যায়।
অভিযানকালে প্রতারণামূলক কর্মকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন ডিভাইস জব্দ করা হয়। একই সঙ্গে ভবনে থাকা ৬৩ বিদেশি নাগরিকের কারও কাছেই পাসপোর্ট পাওয়া যায়নি।
পরে তাদের গ্রেপ্তার করে সাইবার সুরক্ষা আইনের মামলায় আদালতে পাঠানো হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।



