পরীক্ষামূলক সংস্করণ

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণে নিষেধাজ্ঞা বহাল

কক্সবাজারের প্রতিবেশগত সংকটাপন্ন (ইসিএ) সুগন্ধা-কলাতলী সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ বন্ধে হাইকোর্টের দেওয়া নিষেধাজ্ঞা আপাতত বহাল রয়েছে। রাষ্ট্রপক্ষের নিষেধাজ্ঞা স্থগিতের আবেদন নিষ্পত্তি করে আপিল বিভাগ হাইকোর্টে এ-সংক্রান্ত রুল দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন।

প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ আজ সোমবার এ আদেশ দেন। আদালত অবকাশ শেষে আগামী ২৫ অক্টোবরের পর দুই সপ্তাহের মধ্যে হাইকোর্টে রুল নিষ্পত্তি করতে বলেছেন।

সংশ্লিষ্ট আইনজীবীরা জানিয়েছেন, হাইকোর্টে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বালিয়াড়িতে সড়ক নির্মাণ কার্যক্রমের ওপর দেওয়া নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে হোটেল সায়মন পর্যন্ত প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ও ‘নো ডেভেলপমেন্ট জোনে’ কক্সবাজার পৌরসভার প্রায় ১ দশমিক ৬ কিলোমিটার সড়ক নির্মাণের উদ্যোগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) গত মাসে রিটটি করে।

রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ২ সেপ্টেম্বর হাইকোর্ট রুলসহ অন্তর্বর্তীকালীন আদেশ দেন। একই সঙ্গে বালিয়াড়িতে সড়ক নির্মাণ কার্যক্রম বন্ধে আট সপ্তাহের নিষেধাজ্ঞা দেওয়া হয়।

হাইকোর্টের রুলে কক্সবাজার পৌরসভার ওই সড়ক নির্মাণ ঠেকাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ও জনস্বার্থবিরোধী ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়।

এ ছাড়া ইতিমধ্যে নির্মিত সড়কের অংশবিশেষ অপসারণ করে সমুদ্রসৈকত ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারের নির্দেশ কেন দেওয়া হবে না, রুলে তা-ও জানতে চাওয়া হয়েছে।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে পরিবেশসচিব, স্থানীয় সরকার বিভাগের সচিবসহ বিবাদীরা লিভ টু আপিল করেন। আপিল বিভাগের আজকের কার্যতালিকায় আবেদনটি ১০ নম্বর ক্রমিকে ওঠে।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী।

বেলার পক্ষে শুনানি করেন আইনজীবী মিনহাজুল হক চৌধুরী। তাঁর সঙ্গে ছিলেন বেলার প্রধান নির্বাহী আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান, আইনজীবী মোহাম্মদ আশরাফ আলী ও হাসানুল বান্না।

আপিল বিভাগের আদেশের বিষয়ে আইনজীবী মিনহাজুল হক চৌধুরী জানান, রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল নিষ্পত্তি করে আদালত বলেছেন, হাইকোর্টে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বালিয়াড়িতে সড়ক নির্মাণ কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা চলমান থাকবে। অবকাশ শেষে ২৫ অক্টোবর আদালত খোলার পর দুই সপ্তাহের মধ্যে হাইকোর্টে রুল নিষ্পত্তি করতে বলা হয়েছে।

বেলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নগর উন্নয়ন ও নগর শাসন প্রকল্প’-এর আওতায় জাইকার অর্থায়নে সৈকতের একটি বড় এলাকা ভরাট করে প্রায় ১ দশমিক ৬ কিলোমিটার দীর্ঘ ওই সড়ক নির্মাণের কাজ শুরু করা হয়। এর প্রতিবাদ জানান বিশেষজ্ঞ ও পরিবেশবাদীরা।

বেলার দাবি, সড়ক নির্মাণের জন্য উপকূল সুরক্ষার অন্যতম প্রাকৃতিক ঢাল হিসেবে পরিচিত বহু বছরের বালিয়াড়ি এক্সকাভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে সৈকতের পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ উদ্ভিদ সাগরলতা, লাল কাঁকড়া এবং সামুদ্রিক জীববৈচিত্র্যের আবাসস্থল ধ্বংস করা হয়েছে।

বেলা আরও জানিয়েছে, সমুদ্রসৈকতের প্রতিবেশগত সংকটাপন্ন এলাকায় স্থাপনা নির্মাণ থেকে বিরত থাকা এবং নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়ে এর আগে সুপ্রিম কোর্ট একাধিক রায় ও আদেশ দিয়েছেন।

সংগঠনটির ভাষ্য, সর্বোচ্চ আদালতের এসব আদেশের পরও কক্সবাজার পৌরসভা সৈকতের ওপর দিয়ে সড়ক নির্মাণের উদ্যোগ নেয়। বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত রক্ষার স্বার্থে এবং ওই নির্মাণকাজ বন্ধে জনস্বার্থে রিটটি করা হয়েছে।

প্রধান খবর

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে মৃত্যুর যে তথ্য প্রচার হচ্ছে, তা যাচাই করছি: বিভাগীয় কমিশনার

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডে পদদলিত হয়ে মৃত্যুর প্রচারিত তথ্যের কোনো সুনির্দিষ্ট প্রমাণ মেলেনি বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আধঘণ্টার মধ্যে শর্টসার্কিট থেকে লাগা আগুন নিয়ন্ত্রণে আনে।

৩ মাসেই ব্যাংকে কোটিপতি হিসাব বাড়ল ৫ হাজার

চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে দেশের ব্যাংক খাতে ১ কোটি টাকার বেশি আমানত থাকা কোটিপতি হিসাবের সংখ্যা ৫ হাজার ৭৭টি বেড়েছে। এতে এসব হিসাবে নতুন করে যুক্ত হয়েছে ১৬ হাজার ৪৯৮ কোটি টাকার আমানত।

মুরাদনগরে জমি বিরোধে জোড়া খুন

কুমিল্লার মুরাদনগরে জমি সংক্রান্ত তীব্র বিরোধের জেরে বড় বোন অবসরপ্রাপ্ত শিক্ষক খালেদা আক্তার ও ভাতিজা মঞ্জুরুল আলমকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে। সোমবার সন্ধ্যায় ঘটা এ ঘটনায় ঘাতককে গ্রেপ্তারে অভিযানে নেমেছে পুলিশ।

আসছে...