কক্সবাজারের মহেশখালীতে ফয়সাল নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে বড় মহেশখালী ইউনিয়নের পশ্চিম ফকিরাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফয়সাল পার্শ্ববর্তী পূর্ব ফকিরাঘোনা এলাকার বাসিন্দা।
স্থানীয়দের বরাত দিয়ে মহেশখালী থানার ওসি আব্দুস সুলতান জানান, পশ্চিম ফকিরাঘোনা এলাকার একটি বাড়িতে চুরি করতে ঢোকার অভিযোগে ফয়সালকে বাড়ির মালিক ও স্থানীয়রা আটক করে মারধর করেন। একপর্যায়ে তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এজাহার জমা দেওয়া হলে এ ঘটনায় হত্যা মামলা রুজু করা হবে।
এদিকে, ফয়সালকে মারধরের একটি ভিডিও পাওয়া গেছে। ভিডিওতে তাকে বেঁধে মারধর করতে এবং তার শরীরের ওপর কয়েকটি ইট বসিয়ে রাখতে দেখা যায়। এ সময় একজনকে তার মাথা ও গলায় আঘাত করতে দেখা গেছে।
তবে নিহতের বাবা বাদশা মিয়ার দাবি, তার ছেলে মিশুক গাড়ি চালাতেন। মঙ্গলবার সকালে ভাড়া সংক্রান্ত বিষয় নিয়ে কেফায়েত উল্লাহর সঙ্গে তার ছেলের বাকবিতণ্ডা হয়। পরে তাকে চোর দাবি করে মারধর করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় তিনি সুষ্ঠু বিচার দাবি করেছেন।



