গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর পাথর নিক্ষেপ করে পাঁচ মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মাদক কারবারিদের বিরুদ্ধে। রোববার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর কেরানীরটেক মাদক বস্তি থেকে ‘মাদক সম্রাজ্ঞী’ রানী বেগমের ছেলে রাহুলকে গ্রেপ্তার করে টঙ্গী পূর্ব থানা পুলিশ। রাহুলের বিরুদ্ধে পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
গ্রেপ্তারের পর রাহুলকে টঙ্গী রেলওয়ে স্টেশন হয়ে থানায় নেওয়ার সময় একদল মাদক কারবারি রেললাইন থেকে পাথর কুড়িয়ে পুলিশের ওপর হামলা চালায়। তারা বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করলে কনস্টেবল মাসুদ গুরুতর আহত হন।
পুলিশ সদস্যরা হামলা সামাল দিতে ব্যস্ত থাকার সুযোগে হামলাকারীরা হাতকড়াসহ রাহুলকে ছিনিয়ে নিয়ে যায়। পরে স্টেশন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় হাতকড়াটি উদ্ধার করে পুলিশ।
আসামি রাহুলকে উদ্ধারে রাতেই টঙ্গীর বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে পুলিশ। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, পাঁচটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত রাহুলকে থানায় নেওয়ার সময় মাদক কারবারিরা রেললাইন থেকে পাথর কুড়িয়ে পুলিশকে লক্ষ্য করে নিক্ষেপ করে। এতে কনস্টেবল মাসুদ আহত হন এবং সেই সুযোগে রাহুলকে ছিনিয়ে নেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, ছিনিয়ে নেওয়া আসামি রাহুল এবং পুলিশের ওপর হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।



