রাজধানীর মিরপুরের পল্লবীতে ছুরিকাঘাতে আহত সজীব (২২) ছয়দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় সজীবের মৃত্যু হয়।
নিহত সজীব মিরপুর-১০ নম্বর সেকশনের ৫ নম্বর ওয়াবদা এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। তিনি মিরপুর-১০ এলাকায় একটি পোশাকের দোকানে কাজ করতেন।
পরিবারের অভিযোগ, গত বুধবার ভোরে কাইল্লার বস্তির মোড়ে বাইল্লা জুয়েল, জয় ও আরও ৩-৪ জন সজীবকে আটক করে তার মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে তাদের হাত থেকে ছুটে দৌড়ে পালানোর সময় পেছন থেকে সজীবের পিঠে ছুরিকাঘাত করা হয়।
রক্তাক্ত অবস্থায় সজীব বাসার কাছে পৌঁছালে পরিবারের সদস্যরা তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাসায় নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে ওইদিন সন্ধ্যায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ছয়দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার সকালে তার মৃত্যু হয়।
পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম স্বাধীন জানান, পরিবারের কাছ থেকে জানা গেছে, বুধবার ভোরে কাইল্লার মাঠ এলাকায় কয়েকজন সজীবের পিঠের ডান পাশে ছুরিকাঘাত করে। পরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার তার মৃত্যু হয়।
তিনি জানান, সজীবের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই হামলা করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। ঘটনার দিন জয়কে এবং সোমবার সকালে জুয়েল নামে একজনকে আটক করা হয়েছে।
এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।



