শিশুদের বিকাশে রাষ্ট্র ও সমাজের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস-প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর বিমান বাহিনীর ব্লু স্কাই স্কুল ফর স্পেশাল চিলড্রেন পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
ডা. জুবাইদা রহমান বলেন, প্রতিটি শিশুর জীবন অগণিত সম্ভাবনায় ভরপুর। সুষ্ঠু শিক্ষা ব্যবস্থা, মানসিক ও শারীরিক স্বাস্থ্যের যত্ন এবং সবুজ খোলা মাঠে খেলাধুলার সুযোগ নিশ্চিত করা গেলে শিশুরা নিজেদের সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে পারবে।
তিনি বলেন, কন্যাশিশুদের উচ্চতর পর্যায়ে পড়াশোনার সুযোগ আরও বিস্তৃত করতে হবে। সাংস্কৃতিক ও খেলাধুলাভিত্তিক প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের নিজেদের যোগ্যতা ও শ্রেষ্ঠত্ব প্রমাণের সুযোগ করে দিতে হবে।
জুবাইদা রহমান বলেন, বাংলাদেশের ৬৪ জেলা, ৫০৩ উপজেলা, ৪ হাজার ৫৯৯ ইউনিয়ন ও ৯ হাজার ৯০৯ গ্রামের কোনো শিশু-কিশোর যেন অবহেলায় ঝরে না পড়ে, সেই পরিবেশ সবাইকে মিলে তৈরি করতে হবে।
তিনি আরও বলেন, প্রত্যেক শিশু যেমন তার অভিভাবক ও পরিবারের কাছে গুরুত্বপূর্ণ, তেমনি তারা সমাজ ও রাষ্ট্রেরও মূল্যবান সদস্য। শিশুদের স্বপ্ন পূরণে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে পাশে দাঁড়াতে হবে।
ব্লু স্কাই স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রশংসা করে তিনি বলেন, প্রশিক্ষণ ও সুযোগ পেলে শিশুরা নিজেদের প্রতিভা আরও ভালোভাবে তুলে ধরতে পারে। একসঙ্গে কাজ করার এই অভিজ্ঞতা তাদের ভবিষ্যৎ জীবনে আত্মবিশ্বাস ও মনোবল বাড়াতে সহায়তা করবে।
ডা. জুবাইদা রহমান শিশু-কিশোরদের বাংলাদেশের মুখ উজ্জ্বল করার আহ্বান জানিয়ে বলেন, তারা যেন নক্ষত্রের মতো উজ্জ্বল হয়ে নিজেদের স্বপ্ন পূরণে এগিয়ে যায়।
এ সময় তিনি বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির বিভিন্ন কার্যক্রমেরও প্রশংসা করেন। নারীদের প্রশিক্ষণের মাধ্যমে কারুশিল্প তৈরির উদ্যোগকে নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন তিনি।
এর আগে রাজধানীর ব্লু স্কাই স্কুল পরিদর্শন করেন ডা. জুবাইদা রহমান। এ সময় তিনি শিক্ষার্থীদের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।



