গুম হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল নেতা মো. আলামিনের মা জেসমিন বেগমের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৬ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর নির্দেশে ‘আমরা বিএনপি পরিবারের’ সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আলামিনের বাসায় গিয়ে তার মায়ের স্বাস্থ্যের খোঁজ-খবর নেয়।
২০১৩ সালের ৪ ডিসেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গুম হন জবি ছাত্রদল নেতা মো. আলামিন। তার মা জেসমিন বেগম দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন।
তার অসুস্থতার খবর জানতে পেরে বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবারের’ প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি আলামিনের মায়ের শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার জন্য অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন।
এর পরিপ্রেক্ষিতে বুধবার প্রধানমন্ত্রীর নির্দেশে প্রতিনিধিদলটি জেসমিন বেগমের বাসায় যায়। সেখানে তারা তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং চিকিৎসার বিষয়ে কথা বলেন। একই সঙ্গে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার প্রতি সহমর্মিতার বার্তাও পৌঁছে দেন।
এ সময় ‘আমরা বিএনপি পরিবারের’ সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমেদ এবং ছাত্রদল নেতা মশিউর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।



