জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজশাহীর বেশ কয়েকটি এলাকায় পর্যায়ক্রমে সকাল সাড়ে ৭টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী সুব্রত কুমার দাসের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নেসকো রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর আওতাধীন ১১ কেভি লাইনের নিকটবর্তী গাছপালার শাখা-প্রশাখা কর্তনের কাজ করা হবে।
এ কারণে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পর্যায়ক্রমে রাজশাহীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার সম্ভাব্য এলাকাগুলোর মধ্যে রয়েছে সাগরপাড়া, কেদুর মোড়, পঞ্চবটি, শাহ মখদুম কলেজ, শেখেরচক, বোষপাড়া, মতিহার, ধরমপুর, জাহাজঘাট, মিজানের মোড়, ফুলতলা, সোরাফানের মোড়, বিনোদপুর, কাজলা, মির্জাপুর ও তৎসংলগ্ন এলাকা।
নেসকো কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে।
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করার লক্ষ্যে সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ।



