সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে সিসিটিভি ফুটেজ ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি, ব্ল্যাকমেইল, শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।
আটক ব্যক্তিরা হলেন শাহজাদপুরের ডাকবাংলাপাড়া এলাকার মো. তারেক রানা (৩৬), মো. সামাদ ওরফে সাহাবউদ্দিন এবং মো. হোসেন আলী (৪৮)।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের তৃতীয় বর্ষের ওই ছাত্রী ডাকবাংলাপাড়ার একটি বাসার তৃতীয় তলায় মেসে থাকেন। গত ২১ সেপ্টেম্বর রাতে তার এক পুরুষ বন্ধু ওই মেসে আসেন। পরে তিনি চলে গেলে পাশের একটি বিকাশ অফিসের সিসিটিভি ক্যামেরায় ওই দৃশ্য ধারণ হয়।
অভিযোগে বলা হয়েছে, পরদিন অভিযুক্তরা ওই সিসিটিভি ফুটেজ দেখিয়ে ছাত্রীর কাছে ৩০ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে ফুটেজ ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।
পরে রাতে তাকে ওই অফিসে ডেকে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। সেখানে টাকা দিতে অপারগতা জানালে তার কাছে সোনার চেইন দাবি করা হয়। একপর্যায়ে তারেক রানা তাকে ধর্ষণের চেষ্টা ও শ্লীলতাহানি করেন বলে অভিযোগ করেন ওই ছাত্রী। বাধা দিলে সামাদ তাকে জাপটে ধরেন বলেও অভিযোগ করা হয়েছে।
এ ছাড়া ওই ছাত্রীর মোবাইলফোন কেড়ে নেওয়া এবং পালিয়ে যাওয়ার সময় শ্লীলতাহানির অভিযোগও রয়েছে।
এ ঘটনায় চারজনের বিরুদ্ধে শাহজাদপুর থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী। পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করা হচ্ছে।



