নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৩০০ বোতল বা ১৮০ লিটার বিদেশি মদসহ ছয়জনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত দুটি প্রাইভেটকার, সাতটি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ৫০ টাকা জব্দ করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এসআরবি-১-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) শাহ আলম এ তথ্য জানান।
তিনি জানান, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে রূপগঞ্জ উপজেলার ঘোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট চুঙ্গির পাড় এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন হবিকুল (২৫), রুবেল হাসান (২৯), রাকিব (২২), মো. মিজানুর রহমান (২৮), ফারুক মিয়া (২৮) ও নূর ইসলাম হোসেন সবুজ (২৭)।
অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিসি-৩-এর পূর্বাচল ক্যাম্পের একটি দল ঢাকা-সিলেট মহাসড়কে চেকপোস্ট বসিয়ে ঢাকাগামী যানবাহনে নজরদারি করছিল। এ সময় ঢাকা মেট্রো-গ-২৯-৫৪৩৩ নম্বরের একটি প্রাইভেটকার চেকপোস্টের সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে সেটি থামানো হয়।
পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে ছয়জনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রাইভেটকারের পেছনের আসন ও ব্যাকডালায় লুকিয়ে রাখা ৩০০ বোতল বা ১৮০ লিটার বিদেশি মদ উদ্ধার করা হয় বলে জানান শাহ আলম।
এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি স্কট প্রাইভেটকার, চারটি পুরোনো স্মার্টফোন, তিনটি বাটন ফোন ও নগদ ২ হাজার ৫০ টাকা জব্দ করা হয়েছে।
এসআরবি-১-এর দাবি, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলা থেকে বিদেশি মদ এনে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা দামে বিক্রি করে আসছিলেন।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে উদ্ধার করা মাদক ও জব্দ করা আলামতসহ তাদের রূপগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এসআরবি।
আগামী সপ্তাহে সাইবার সিকিউরিটি ইউনিট গঠন: সালাহউদ্দিন আহমদ
আগামী সপ্তাহে বাংলাদেশ পুলিশের পৃথক সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। মেট্রো, বিভাগ ও জেলা পর্যায়ে শাখা এবং আধুনিক ফরেনসিক সুবিধা থাকবে।



