পরীক্ষামূলক সংস্করণ

ককটেল তৈরির সরঞ্জামসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম ও ৯ হাজার কাগজের মুখোশ উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ ঘটনায় জাহিদ হাসান ইমন (৩০) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম প্রিভেনশন-দক্ষিণ) মো. তোফায়েল আহমেদ মিয়া।

ডিএমপি জানায়, গত ১৯ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনার তদন্তে যাত্রাবাড়ী, শ্যামপুরসহ ওয়ারী বিভাগের সংশ্লিষ্ট থানা পুলিশ সমন্বিতভাবে কাজ শুরু করে। তদন্তের একপর্যায়ে জাহিদ হাসান ইমনের সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য ও সাক্ষ্য-প্রমাণ পাওয়া যায়।

এর ধারাবাহিকতায় শুক্রবার ভোররাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার বাগাশুর এলাকায় অভিযান চালায় শ্যামপুর মডেল থানা পুলিশ। অভিযানে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ সহযোগিতা করে। পরে সেখান থেকে জাহিদ হাসান ইমনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ইমনের দেওয়া তথ্যের ভিত্তিতে ককটেল তৈরিতে ব্যবহৃত কস্টিক সোডা, সালফার, মারবেল, তারকাঁটা, লাল ও কালো কস্টেপসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পাশাপাশি তিন কার্টুনে রাখা ৯ হাজার কাগজের মুখোশ, মুখোশ পরার ৩০ প্যাকেট ইলাস্টিক, একটি ব্লেন্ডার ও একটি জার উদ্ধার করা হয়েছে।

ডিএমপির যুগ্ম কমিশনার মো. তোফায়েল আহমেদ মিয়া জানান, জিজ্ঞাসাবাদে ইমন পুলিশকে বলেছেন, লালবাগের এক নেতার মাধ্যমে অজ্ঞাত এক ভ্যানচালকের সহায়তায় মুখোশগুলো তার কাছে পাঠানো হয়। পরে বিভিন্ন নেতা-কর্মীর মধ্যে বিতরণের উদ্দেশ্যে সেগুলো তার বাসায় রাখা হয়েছিল।

পুলিশের দাবি, নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন সময়ের মিছিলে এসব মুখোশ ব্যবহারের পরিকল্পনা ছিল। মুখোশগুলো মানুষের মুখের আকৃতির এবং পরিচয় গোপন রাখার উদ্দেশ্যে ব্যবহারের সম্ভাবনার কথাও জানিয়েছে পুলিশ।

ডিএমপি আরও জানায়, জাহিদ হাসান ইমনের বিরুদ্ধে শাহবাগ ও লালবাগ থানায় পৃথক দুটি মামলা রয়েছে। উদ্ধার করা সামগ্রী ও যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় তার সংশ্লিষ্টতা নিয়ে তদন্ত চলছে।

প্রধান খবর

আর প্রশ্নপত্র ফাঁস হবে না, কোচিংয়ে পড়ানো শিক্ষকদের তালিকা হচ্ছে: শিক্ষামন্ত্রী

আগামী দিনে বাংলাদেশে আর প্রশ্নপত্র ফাঁস হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। নাটোরে এক অনুষ্ঠানে তিনি বলেন, শ্রেণিকক্ষে পাঠদান না করে কোচিং সেন্টারে পড়ানো এমপিওভুক্ত শিক্ষকদের তালিকা তৈরি করা হচ্ছে। দায়িত্বে অবহেলা করলে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা।

১ম বার বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিদায় জানালেন প্রধানমন্ত্রী

প্রথমবারের মতো সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী। বৃহস্পতিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁদের বিদায় জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম ধাপে ১০ হাজার কর্মী পাঠানোর পরিকল্পনা রয়েছে সরকারের।

পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে সরকারি দলের হস্তক্ষেপ ছিল না: শ্রমমন্ত্রী

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে সরকারি দলের হস্তক্ষেপ ছিল না বলে মন্তব্য করেছেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। শনিবার থেকে কাজে ফেরার আহ্বান জানিয়েছেন তিনি।

আসছে...