ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা সীমান্ত এলাকা থেকে ৫ হাজার ৫টি ভারতীয় অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব চোরাচালানি পণ্যের আনুমানিক মূল্য প্রায় চার কোটি ৮০ হাজার টাকা।
শনিবার (২৬ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)। এদিন দুপুর ১২টায় ২৫ বিজিবির প্রধান কার্যালয়ে ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ বিষয়টি তুলে ধরেন।
বিজিবি জানায়, ২৫ সেপ্টেম্বর রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর উপজেলার কামালমোড়া এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। সীমান্ত পিলার-২০০৮/১-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এ অভিযান পরিচালনা করে বিজিবির একটি টহল দল।
অভিযানে সীমান্ত এলাকার জঙ্গলের মধ্যে কর্দমাক্ত পরিবেশের সুযোগ নিয়ে অভিনব কৌশলে লুকিয়ে রাখা মালিকবিহীন ভারতীয় অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লের চালান উদ্ধার করা হয়।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দ করা চোরাচালানি মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।


