ফ্যামিলি কার্ডের তালিকা তৈরিতে তথ্য সংগ্রহকারীদের সতর্ক করে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, কাজের বিনিময়ে তাদের ভাতা দেওয়া হবে। এর বাইরে গিয়ে স্বজনপ্রীতি বা দুর্নীতি করলে তা অপরাধ হিসেবে বিবেচিত হবে।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা পরিষদ হলরুমে ফ্যামিলি কার্ড ও ক্ষুদ্র নৃগোষ্ঠী (২০২৬) জরিপের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের নিয়ে আয়োজিত মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।
তথ্য সংগ্রহকারীদের ফ্যামিলি কার্ডের তালিকা তৈরিতে সবচেয়ে দরিদ্র, অসহায় ও প্রান্তিক মানুষকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দেন ডেপুটি স্পিকার। তিনি বলেন, যার ঘর নেই, তার তথ্য আগে সংগ্রহ করতে হবে।
কায়সার কামাল বলেন, তথ্য সংগ্রহকারীদের ছাপরা ঘর ও নিম্নবিত্ত মানুষের কাছে যেতে হবে। দারিদ্র্যের মধ্যে থাকা এবং অসহায় পরিবারগুলোর তথ্য সর্বপ্রথম নেওয়ার নির্দেশ দেন তিনি।
তিনি বলেন, ফ্যামিলি কার্ডের সুবিধা প্রকৃত দরিদ্র মানুষের কাছে পৌঁছাতে হবে। পাকা দালানের মালিক বা সচ্ছল ব্যক্তিদের আগে তালিকাভুক্ত না করে প্রকৃত সুবিধাবঞ্চিত পরিবার চিহ্নিত করতে হবে। সরকারি সুবিধা দেওয়ার ক্ষেত্রে দলীয় পরিচয়, ব্যক্তিগত সম্পর্ক বা অন্য কোনো প্রভাব বিবেচনায় না নেওয়ার কথাও জানান তিনি।
এ সময় বিদ্যুৎ সংকট নিয়েও কথা বলেন কায়সার কামাল। লোডশেডিংয়ের কারণে শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন ঘটায় দুঃখ প্রকাশ করে দিনের আলো কাজে লাগানো এবং বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান জানান তিনি। একই সঙ্গে বিদ্যুৎ সংকট দ্রুত সমাধানের আশাবাদ ব্যক্ত করেন।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় এ মতবিনিময়সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এন এম আবদুল্লাহ আল মামুন।



