সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য ছড়িয়ে দেওয়ার অভিযোগে করা রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি মো. রাকিবুল হাসানকে দ্বিতীয় দফায় দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে পাঁচ দিনের রিমান্ড শেষে রাকিবুল হাসানকে আদালতে হাজির করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ও ডিএমপির গোয়েন্দা বিভাগের গুলশান জোনাল টিমের পুলিশ পরিদর্শক মো. জেহাদ হোসেন তাকে আরও তিন দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদে রাকিবুল হাসান গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তার কথিত চার মিনিট ২৯ সেকেন্ডের অডিও ডিভিডিতে ধারণ করে জব্দ করা হয়েছে।
মামলাটি তদন্তের স্বার্থে নমুনা কণ্ঠস্বরের সঙ্গে রাকিবুল হাসানের কণ্ঠের তুলনামূলক পরীক্ষা করার জন্য তাকে পুনরায় হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহিন রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে রাকিবুল হাসানকে দুই দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন।
এর আগে ২৪ সেপ্টেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তারের পর রাকিবুল হাসানকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।



