পটুয়াখালীর গলাচিপায় পুকুরপাড়ে লুকিয়ে রাখা ১৩৫ লিটার দেশীয় চোলাই মদসহ বাবা-ছেলেকে আটক করেছে পুলিশ। এ সময় ছেলের কাছ থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) উপজেলার পানপট্টি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গ্রামর্দ্দন এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা হয়।
আটকরা হলেন মো. আল আমিন মীর (৫০) ও তার ছেলে মো. রাব্বি মীর (৩০)।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাবা-ছেলে গোপনে দেশীয় মদ তৈরি ও বিক্রি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। সোমবার স্থানীয়রা তাদের বাড়িতে মাদক থাকার সন্দেহে তল্লাশি চালান। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরপাড়ের দক্ষিণ দিকে মাটির নিচে একটি ড্রাম দেখতে পান তারা।
পরে ড্রাম থেকে বিপুল পরিমাণ চোলাই মদ পাওয়া যায়। বিষয়টি পুলিশকে জানানো হলে গলাচিপা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক বাবা-ছেলে কাঁচামাল সংগ্রহ করে খুচরা ও পাইকারি বিক্রির উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে দেশীয় চোলাই মদ তৈরি করে আসার কথা স্বীকার করেছেন।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহম্মেদ জানান, চোলাই মদসহ আটক বাবা-ছেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।



