কুষ্টিয়ার দৌলতপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলা উচ্চারণ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য ও আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে গোলাম কিবরিয়া লালন নামে এক স্কুলশিক্ষককে আটক করেছে পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ভেড়ামারা-প্রাগপুর আঞ্চলিক মহাসড়ক এলাকা থেকে তাকে আটক করা হয়। গোলাম কিবরিয়া লালন প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক।
বিদ্যালয়ের শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে দশম শ্রেণির বাংলা ক্লাস নেওয়ার সময় সম্প্রতি জাতিসংঘে প্রধানমন্ত্রীর দেওয়া বাংলা ভাষণের প্রসঙ্গ তোলেন ওই শিক্ষক। এ সময় তিনি প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে মন্তব্য করেন বলে অভিযোগ শিক্ষার্থীদের।
শিক্ষার্থীদের দাবি, ওই সময় প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন শিক্ষক লালন। এতে শ্রেণিকক্ষে অসন্তোষ সৃষ্টি হয়। পরে শিক্ষার্থীরা বাড়িতে গিয়ে বিষয়টি অভিভাবকদের জানালে তা এলাকায় ছড়িয়ে পড়ে।
বুধবার সকালে কয়েকজন অভিভাবক ও স্থানীয় বাসিন্দা বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পরে শিক্ষক গোলাম কিবরিয়া লালনকে আটক করে থানায় নিয়ে যায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল জানান, বিষয়টি মঙ্গলবার রাতে জানতে পারেন তিনি। বুধবার সকালে বিদ্যালয়ের সাবেক সভাপতিসহ সংশ্লিষ্টদের উপস্থিতিতে শিক্ষক লালনকে জিজ্ঞাসাবাদ করা হয়।
প্রধান শিক্ষকের ভাষ্য, গোলাম কিবরিয়া লালন কটূক্তির অভিযোগ অস্বীকার করেছেন। তবে দীর্ঘদিন দেশের বাইরে থাকার কারণে প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ কিছুটা অস্পষ্ট হয়েছে—এমন মন্তব্য তিনি করেছেন বলে জানান প্রধান শিক্ষক।
দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি এবং বিদ্যালয়ের পরিবেশ উত্তপ্ত করার অভিযোগে প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক লালনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।



