রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন দক্ষিণ মানিকদীর ইসিবি চত্বর এলাকায় নিউগিনি প্রোপার্টিজের আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর, মারধর ও লুটপাটের মামলায় গ্রেপ্তার মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরীকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম তদন্ত কর্মকর্তার রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরীকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির ইন্সপেক্টর জেহাদ হোসেন তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ জানান, একই মামলায় কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুরের জামাতা মো. মিজানুর রহমানসহ আরও তিনজনকেও তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, মামলার আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। পলাতক আসামিদের গ্রেপ্তার, অজ্ঞাতনামা আসামিদের পরিচয় শনাক্ত, হামলায় ব্যবহৃত অস্ত্র ও চুরি যাওয়া মালামাল উদ্ধারের পাশাপাশি ঘটনার বিস্তারিত জানতে মহিউদ্দিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
মামলার অভিযোগ অনুযায়ী, গত ২৬ সেপ্টেম্বর দক্ষিণ মানিকদীর ইসিবি চত্বর এলাকায় নিউগিনি প্রোপার্টিজের আবাসন প্রকল্পে প্রায় ৫০ জনের একটি দল প্রবেশ করে হামলা চালায়। এ সময় গুলি ছোড়া এবং রামদা, ছোরা ও লাঠিসোঁটাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ব্যবহারের অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়েছে, হামলার সময় প্রায় ৫০ রাউন্ড গুলি ছোড়া হয়। এতে প্রকল্পের সাইট ইঞ্জিনিয়ার মো. পারভেজসহ কয়েকজন আহত হন। প্রকল্পের স্থাপনা ও যানবাহনে ভাঙচুরের পাশাপাশি নগদ টাকা, ল্যাপটপ, কম্পিউটার, বিআরবি ক্যাবল, ক্যামেরা ও প্রফেশনাল মিডিয়া ইকুইপমেন্টসহ বিভিন্ন মালামাল লুটের অভিযোগ রয়েছে।
মামলায় প্রতিষ্ঠানের প্রায় ১ কোটি ৪২ লাখ ৮০ হাজার টাকার ক্ষয়ক্ষতি এবং প্রায় ১ কোটি ৫০ লাখ ৪৩ হাজার টাকার মালামাল চুরির দাবি করা হয়েছে। একই ঘটনায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউন ফিস’ স্টুডিওতে অনধিকার প্রবেশ, ভাঙচুর ও লুটপাটের অভিযোগও রয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আত্মরক্ষার্থে পুলিশ পাঁচ রাউন্ড শটগানের গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও গুলির খোসা উদ্ধারের কথাও মামলার নথিতে উল্লেখ করা হয়েছে।
নিউগিনি প্রোপার্টিজের প্রকল্প কর্মকর্তা সাইফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় মামলাটি করেন। মামলায় ১৩ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।
মামলাটি বর্তমানে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করছে। তদন্তের অংশ হিসেবে গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ, পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার এবং হামলায় ব্যবহৃত অস্ত্র ও লুট হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।



