মুন্সীগঞ্জের সিরাজদিখানে দুই শিক্ষার্থীর ঝগড়াকে কেন্দ্র করে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর ও তিনবার আছাড় দেওয়ার অভিযোগ উঠেছে অপর এক শিক্ষার্থীর বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত নাহিদ শেখকে (৩৫) আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের রাজদিয়া অভয় পাইলট স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে।
পুলিশ ও বিদ্যালয় সূত্রে জানা যায়, আগের দিন দুই ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর মধ্যে ঝগড়া হয়। নিজের ছেলে আতিকুর রহমানকে মারধর করা হয়েছে—এমন সন্দেহে বৃহস্পতিবার বিদ্যালয়ে যান তার বাবা নাহিদ শেখ।
পরে তিনি শ্রেণিকক্ষে ঢুকে একই শ্রেণির শিক্ষার্থী হাবিবকে ধরে মারধর করেন এবং একপর্যায়ে তাকে তিনবার আছাড় দেন বলে অভিযোগ। এ সময় শ্রেণিকক্ষে থাকা অন্য শিক্ষার্থীরা আতঙ্কে চিৎকার শুরু করলে শিক্ষকরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।
পরে প্রধান শিক্ষক নাহিদ শেখকে তার কক্ষে নিয়ে গিয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে সিরাজদিখান থানা পুলিশ বিদ্যালয়ে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বিদ্যালয়ের পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য জাহাঙ্গীর আলম বলেন, আগের দিন দুই শিক্ষার্থীর মধ্যে ঝগড়া হয়েছিল। এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষকে জানিয়ে সমাধানের চেষ্টা না করে শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষার্থীকে মারধর করা ঠিক হয়নি।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত অভিভাবককে আটক করে থানায় রাখা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।



