রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবার ও সেবনের অভিযোগে ছয়জন এবং রাস্তাঘাটে আড্ডাবাজির অভিযোগে একজনকে আটক করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় কোতোয়ালি থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, মাদক কারবারের অভিযোগে আটক চারজন হলেন—মো. বাবু (২৪), সাইফুল ইসলাম প্রকাশ মানিক (৪৫), সাইফী হাসান ওরফে পিয়েল (২৩) ও মো. সামির হোসেন (২১)।
এ ছাড়া মাদক সেবনের অভিযোগে মো. কাউছার (২৪) এবং মাদক সেবনের সঙ্গে জড়িত থাকার সন্দেহে নুর মোহাম্মদ সাকিবকে (১৯) আটক করা হয়।
পুলিশের তথ্যমতে, রিজার্ভ বাজার এলাকার আরাফাতকে (২৩) রাস্তাঘাট ও স্কুল-কলেজের সামনে আড্ডাবাজির অভিযোগে আটক করা হয়।
আটকদের মধ্যে কিশোরদের পরিবারের পক্ষ থেকে সংশোধনের সুযোগ দেওয়ার অনুরোধ জানানো হলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। পরে যাচাই-বাছাই শেষে মুচলেকা নিয়ে তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কোতোয়ালি থানার ওসি মো. জসীম উদ্দিন বলেন, আটকদের বিধি অনুযায়ী আদালতে পাঠানো হয়েছে।



