ঢাকার বিভিন্ন বার, রেস্টুরেন্ট, ডিপ্লোম্যাটিক বন্ডেড ওয়্যারহাউস ও শুল্কমুক্ত দোকানে অবৈধ উৎস থেকে অ্যালকোহল বা অ্যালকোহলজাত পণ্য সংগ্রহের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
শনিবার (৩ অক্টোবর) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) চারটি দলের নেতৃত্বে রাজধানীর রা-ক্যানভাস রেস্টুরেন্ট, হাবিব হোটেল ইন্টারন্যাশনাল, মার্গারিটা লাউঞ্জ এবং ফু-ওয়াং বোলিং অ্যান্ড সার্ভিসেস লিমিটেডে একযোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট, সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি), মূসক নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (উত্তর)-এর কর্মকর্তারা অংশ নেন।
এনবিআর সূত্রে জানা যায়, অভিযানকালে প্রতিষ্ঠানগুলোতে সংরক্ষিত অ্যালকোহল ও অ্যালকোহলজাত পণ্যের মজুদ, সেগুলোর বৈধ উৎস, আমদানি বা ক্রয়সংক্রান্ত কাগজপত্র এবং প্রযোজ্য শুল্ক-মূসক ও কর পরিশোধের সনদ যাচাই করা হচ্ছে।
এ ছাড়া মজুদ থাকা পণ্যের সামগ্রিক বৈধতা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের করসংক্রান্ত তথ্যও খতিয়ে দেখা হচ্ছে।
অভিযান শেষে প্রাথমিকভাবে পাওয়া তথ্য ও সার্বিক ফলাফল জানাতে শনিবার রাত ১০টা ৩০ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবন প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক রিজভী আহম্মেদ ব্রিফিংসংক্রান্ত সমন্বয়ের দায়িত্ব পালন করছেন।



