রাজধানীর লালবাগে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় শারমিন সুলতানা সর্মি (৪৪) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।
শনিবার (৩ অক্টোবর) রাত আনুমানিক দেড়টার দিকে শেখ সাহেব বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রোববার (৪ অক্টোবর) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকার।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শেখ সাহেব বাজার এলাকায় শারমিন সুলতানা সর্মির অবস্থানের তথ্য পায় পুলিশ। পরে তথ্য যাচাই করে লালবাগ থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
ডিসি মো. মোস্তাক সরকার বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পুলিশের তথ্য অনুযায়ী, শারমিন সুলতানা সর্মি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক এবং আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহসম্পাদক ছিলেন। এছাড়া ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।



