রাঙামাটির কাপ্তাইয়ে প্রেমিকাকে হত্যার দায়ে মো. মাহিবুর কামাল মহিবুল্লাহ নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আহসান তারেক এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত মাহিবুর রহমান নেত্রকোনার মদন উপজেলার কাইটাইল গ্রামের মো. মনির উদ্দিনের ছেলে। তিনি কাপ্তাইয়ে ফার্নিচারের কাজ করতেন।
মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, কাপ্তাই নতুন বাজারে কাজের সুবাদে স্থানীয় হাসিনা বেগম সুমি (২৮)-এর সঙ্গে মাহিবুরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে সুমির সঙ্গে শারীরিক সম্পর্ক করেন তিনি। একপর্যায়ে মাহিবুরের অন্যত্র বিয়ে ঠিক হলে সুমি তার কাছে ২০ হাজার টাকা দাবি করেন।
এ ঘটনায় ২০২২ সালের ১১ মার্চ রাতে কাপ্তাই বিএফআইডিসি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভেতরে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মাহিবুর ইট দিয়ে সুমির মাথায় আঘাত করেন। এতে তার মৃত্যু হয়।
পরে হত্যার আলামত নষ্ট করতে সিগারেটের আগুন দিয়ে মরদেহে আগুন ধরিয়ে পালিয়ে যান মাহিবুর। পরদিন ১২ মার্চ বিদ্যালয় প্রাঙ্গণের একটি পরিত্যক্ত টয়লেট থেকে সুমির পোড়া মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহত সুমির মা বাদী হয়ে কাপ্তাই থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে।
দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার আদালত মাহিবুরকে মৃত্যুদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন।
রায়ের বিষয়ে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. মাসুম বলেন, তারা এ রায়ে সংক্ষুব্ধ। আসামির সঙ্গে কথা বলে দ্রুত উচ্চ আদালতে আপিল করবেন। উচ্চ আদালতে ন্যায়বিচার পাওয়ার আশা করছেন তারা।



