কৃষ্ণ সাগরে অপরিশোধিত জ্বালানি তেলবাহী একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। হামলার পর আগুনে জ্বলতে থাকা জাহাজটি থেকে ২৩ ভারতীয় নাবিককে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করেছে রাশিয়ার কোস্টগার্ড।
মঙ্গলবার (৬ অক্টোবর) কৃষ্ণ সাগরের রুশ উপকূলের কাছে এ ঘটনা ঘটে। রাশিয়ার পরিবহন মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, লাইবেরিয়ার পতাকাবাহী ‘আফরাম্যাক্স রিও’ নামের তেলবাহী জাহাজটিতে নৌ-ড্রোনের আঘাত লাগে।
হামলার পর জাহাজটিতে আগুন ধরে যায় এবং অল্প সময়ের মধ্যেই আগুন পুরো জাহাজে ছড়িয়ে পড়ে। ওই সময় জাহাজটিতে মোট ২৩ জন নাবিক ছিলেন এবং তারা সবাই ভারতীয় নাগরিক।
রাশিয়ার কোস্টগার্ডের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছানোর পর ব্যাপক আগুনের মধ্যেই নাবিকদের উদ্ধারে অভিযান চালায়। আগুনের তীব্রতার কারণে উদ্ধারকাজ কঠিন হয়ে পড়লেও শেষ পর্যন্ত ২৩ নাবিককেই নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়।
নাবিকদের উদ্ধারের পর রাশিয়ার দমকল বাহিনীর কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে জাহাজটির আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছে দেশটির পরিবহন মন্ত্রণালয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে জাহাজটিকে সাগরের পানিতে দাউদাউ করে জ্বলতে দেখা যায়। জাহাজ থেকে বিপুল পরিমাণ কালো ধোঁয়া আকাশের দিকে উঠতেও দেখা গেছে।
হামলাটি রাশিয়ার কৃষ্ণ সাগর তীরবর্তী রিসোর্ট শহর সোচির কাছাকাছি সাইরিয়াস এলাকায় হয়েছে। ঘটনার পর সাইরিয়াসের সব সাগরতীরে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
এখন পর্যন্ত কোনো পক্ষ হামলার দায় স্বীকার করেনি। তবে রুশ অপরিশোধিত তেল পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোর ওপর নজরদারির অংশ হিসেবে ট্যাঙ্কারটি আগে থেকেই ইউক্রেনের নিষেধাজ্ঞার তালিকায় ছিল বলে জানা গেছে।
তবে হামলাটি ইউক্রেনই চালিয়েছে—এমন কোনো আনুষ্ঠানিক দায় স্বীকার বা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া তথ্য এখনো পাওয়া যায়নি।



