রাঙামাটিতে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দিন শাকিলসহ ১২ জনকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ।
বুধবার (৭ অক্টোবর) রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, আটক ১২ জনের মধ্যে ছয়জনকে মাদক কারবারি, চারজনকে মাদকসেবী, একজনকে জিআর পরোয়ানার ভিত্তিতে এবং অপর একজনকে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে।
ছাত্রলীগ নেতা আটক
পুলিশের তথ্য অনুযায়ী, কাঠালতলী এলাকার মঈন উদ্দিন শাকিলকে (৩২) সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে। তিনি রাঙামাটি জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
মাদক কারবারির অভিযোগে ৬ জন
মাদক কারবারি হিসেবে যাদের আটক করা হয়েছে তারা হলেন—তবলছড়ি মাছবাজার এলাকার মো. ফারুক (৪৮), স্বর্ণটিলা এলাকার মো. ইলিয়াস রনি (২৮) ও মো. নাজিম উদ্দিন (২৪), রিজার্ভ বাজারের জাহেদ (২২), পুরাতন হাসপাতাল এলাকার মোসলেম খাঁ ভূট্রো (৫৫) এবং রিজার্ভ বাজার এলাকার তালাশি (৩৫)।
পুলিশ জানায়, আটক মো. ফারুকের বিরুদ্ধে পাঁচটি মাদক মামলা রয়েছে। এসব মামলায় তিনি পলাতক ছিলেন। আটক অন্য ব্যক্তিদের বিরুদ্ধেও মাদকসংক্রান্ত অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মাদকসেবী হিসেবে আটক ৪
মাদকসেবী হিসেবে স্বর্ণটিলা এলাকার মো. আবু তালেব (৩৪), শান্তিনগরের মো. হাসান সুজন (৩০), তবলছড়ির ওয়াপদা কলোনির মো. নিশান (৩১) এবং বালুখালী ইউনিয়নের নমনী পাড়ার বাঁশি চাকমাকে (৩৫) আটক করা হয়েছে।
এছাড়া স্বর্ণটিলা এলাকার মো. সাইদুল ইসলামকে (২০) জিআর পরোয়ানার ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কোতয়ালী থানার ওসি মো. জসীম উদ্দিন বলেন, আটক ১২ জনের মধ্যে আবু তালেব, হাসান সুজন ও নিশানকে আইনগত ব্যবস্থা শেষে বুধবার বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যদের বিরুদ্ধেও আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।



