রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানের ভাইরাল অডিওর কণ্ঠ তারই বলে নিশ্চিত হয়েছে। তবে ওই অডিওর মাধ্যমে কোনো তথ্য পাচার করা হয়েছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।
ডিবিপ্রধান বলেন, ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসানের যে অডিও রেকর্ড পাওয়া গেছে, সেটি পরীক্ষা করে নিশ্চিত হওয়া গেছে যে কণ্ঠটি তারই। আদালতের অনুমতি নিয়ে রাকিবুলের কণ্ঠস্বর সংগ্রহ করা হয়। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) পরীক্ষা করে অডিওতে থাকা কণ্ঠ তার বলে নিশ্চিত করেছে।
রাকিবুল হাসানকে দুই দফা রিমান্ডে নেওয়ার পর তদন্তে কী তথ্য পাওয়া গেছে—এমন প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া অডিওটি রাকিবুলের কণ্ঠে রেকর্ড করা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। অডিওটি অন্য কোনোভাবে তৈরি বা বানানো হয়েছে কি না, সে বিষয়েও পরীক্ষা করা হয়েছে।
তবে ওই কথোপকথনের প্রেক্ষাপট কী ছিল, কোথায় এবং কার সঙ্গে আলোচনা হয়েছিল, তা এখনো তদন্তাধীন বলে জানান ডিবিপ্রধান। একই সঙ্গে অডিওর মাধ্যমে কোনো তথ্য পাচার করা হয়েছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে গত ১৭ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্যান্টনমেন্ট থানার তৎকালীন ওসি রাকিবুল হাসানের কথোপকথনের একটি অডিও ছড়িয়ে পড়ে। অডিওতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা, পুলিশের সক্ষমতা, ঊর্ধ্বতন কর্মকর্তাদের রাজনৈতিক অবস্থান এবং পুলিশের পদায়ন নিয়ে বিভিন্ন বক্তব্য শোনা যায় বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে আসে।
অডিও ছড়িয়ে পড়ার পর রাকিবুল হাসানকে ক্যান্টনমেন্ট থানা থেকে প্রত্যাহার করে তদন্ত শুরু করে পুলিশ। পরে ২৪ সেপ্টেম্বর তাকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।



