পরীক্ষামূলক সংস্করণ

সাংবাদিক বাবলুকে অপহরণের অভিযোগ, নিন্দায় সাংবাদিক সংগঠন

রাজধানীর পোস্তগোলা এলাকা থেকে ডেকে নিয়ে সাংবাদিক কামরুজ্জামান বাবলুকে অস্ত্রের মুখে জিম্মি, অপহরণ ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। একই সঙ্গে তার ব্যাংক ও মোবাইল আর্থিক সেবা (এমএফএস) হিসাব থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।

এ ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), পলিটিক্যাল রিপোর্টার্স ফোরাম (পিআরএফ), রিলিজিয়াস রিপোর্টার্স ফোরাম (আরআরএফ) এবং কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকা (সিজেএফডি)।

মঙ্গলবার (৬ অক্টোবর) পৃথক বিবৃতিতে সংগঠনগুলোর নেতারা ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

কামরুজ্জামান বাবলু ডিআরইউর স্থায়ী সদস্য এবং জাতীয় দৈনিক ‘এদিন’-এর বিশেষ প্রতিনিধি। তিনি পলিটিক্যাল রিপোর্টার্স ফোরামের সাবেক দপ্তর সম্পাদক, রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের সাবেক সাধারণ সম্পাদক এবং কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকার সাবেক যুগ্ম সম্পাদক।

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বিবৃতিতে বলেন, একজন সাংবাদিককে পরিকল্পিতভাবে ফাঁদে ফেলে অপহরণ, অস্ত্রের মুখে জিম্মি করে অজ্ঞাত স্থানে নিয়ে হত্যার হুমকি এবং অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ অত্যন্ত গুরুতর। তারা দ্রুত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বিবৃতিতে ব্যাংক লেনদেন, এটিএম বুথের তথ্য, মোবাইল আর্থিক সেবার লেনদেন, ব্যবহৃত মোবাইল নম্বর ও আইএমইআইসহ সংশ্লিষ্ট তথ্য তদন্তের আওতায় আনার আহ্বান জানানো হয়।

কামরুজ্জামান বাবলু মঙ্গলবার ঢাকার সিএমএম আদালতে অপহরণের মামলা করেছেন। মামলার অভিযোগ ও তার বক্তব্য অনুযায়ী, প্রায় দুই মাস আগে ফেসবুক মেসেঞ্জারে ‘মামুন শেখ’ নামে একটি আইডির সঙ্গে তার পরিচয় হয়। ওই ব্যক্তি নিজেকে তথ্যের উৎস হিসেবে পরিচয় দিয়ে বিটকয়েনসহ বিভিন্ন বিষয়ে তথ্য দেওয়ার কথা বলেন।

অভিযোগ অনুযায়ী, গত ৩০ সেপ্টেম্বর ঢাকায় এসে দেখা করার প্রস্তাব দেন ওই ব্যক্তি। পরে পোস্তগোলা ব্রিজসংলগ্ন আলম মার্কেটের সামনে তাদের দেখা হয়। সেখানে ‘অনিক’ নামে আরেক ব্যক্তির সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে নিরিবিলি পরিবেশে কথা বলার কথা বলে বাবলুকে একটি মাইক্রোবাসের কাছে নেওয়া হয়।

কামরুজ্জামানের ভাষ্য, গাড়িতে ওঠার পর আগে থেকে থাকা আরও তিন ব্যক্তি তাকে অস্ত্রের মুখে চুপ থাকতে বলেন। পরে তার হাত ও চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়।

তার অভিযোগ, প্রায় তিন থেকে সাড়ে তিন ঘণ্টা গাড়িতে রাখার পর তাকে একটি জঙ্গলে নেওয়া হয়। সেখানে অস্ত্রধারীরা তাকে বিভিন্ন ধরনের হুমকি ও গালিগালাজ করেন। এ সময় তার মোবাইল ফোন, ব্যাংকের কার্ডসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে নেওয়া হয় এবং বাইরের কারও সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, রাত ৯টার দিকে তার স্ত্রী ফোন করলে অপহরণকারীরা তাকে স্বাভাবিকভাবে কথা বলতে বাধ্য করে। তবে তার স্ত্রী পরিস্থিতি আঁচ করতে পেরে স্বজনদের জানান। পরে স্বজনরা পল্টন থানায় গিয়ে বিষয়টি জানান।

কামরুজ্জামানের ভাষ্য অনুযায়ী, রাত সাড়ে ৯টা থেকে ১০টার দিকে পুলিশ তার মোবাইলে যোগাযোগের চেষ্টা করলেও তাকে ফোন ধরতে দেওয়া হয়নি। পরে রাত আড়াইটার দিকে অপহরণকারীদের উপস্থিতিতে তিনি স্ত্রী ও পুলিশের এক কর্মকর্তার সঙ্গে কথা বলেন।

এ ঘটনায় ব্যাংক হিসাবের বিবরণী, বিকাশের লেনদেন ও টাকা উত্তোলনের তথ্য, ব্যবহৃত মোবাইল নম্বর এবং মোবাইল ফোনের আইএমইআই নম্বরসহ বিভিন্ন তথ্য আদালতে দাখিল করেছেন বলে জানান কামরুজ্জামান।

তিনি বলেন, ফেসবুকে পরিচয়ের পর গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার কথা বলে তাকে ডেকে নেওয়া হয়। পরে অস্ত্রের মুখে জিম্মি করে অজ্ঞাত স্থানে নিয়ে হত্যার হুমকি দেওয়া এবং ব্যাংক ও মোবাইল আর্থিক সেবার মাধ্যমে টাকা নেওয়া হয়। একপর্যায়ে সুযোগ পেয়ে তিনি পালিয়ে জীবন রক্ষা করেন।

পল্টন থানার এসআই তুষার দেবনাথ জানান, অপহরণ, জিম্মি করে ভয়ভীতি প্রদর্শন ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ নিয়ে কামরুজ্জামান থানায় এসেছিলেন। তাকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে।

প্রধান খবর

সৌদি আরবে হুতিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক অবকাঠামোতে হুতি গোষ্ঠীর সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় এসব হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি বলেছে।

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১,৩৪৯

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছে ১ হাজার ৩৪৯ জন, জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা, সড়ক নিরাপত্তা ও পরিবহন খাতের বিশৃঙ্খলা নিরসনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আসছে...