রাজধানীর ধানমন্ডির ফরচুন স্কয়ার কনভেনশন হলে বিয়ের অনুষ্ঠানে খাবার খাওয়ার পর শতাধিক অতিথির ডায়রিয়ার মতো উপসর্গ ও বমিতে আক্রান্ত হওয়ার অভিযোগ উঠেছে। গত শুক্রবার যুক্তরাষ্ট্রপ্রবাসী এক ব্যক্তির বিয়ের অনুষ্ঠানে অংশ নেওয়া অতিথিরা অসুস্থতার কথা জানিয়েছেন। তবে অসুস্থতার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
অনুষ্ঠানে অংশ নেওয়া পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, বিয়ের খাবার খাওয়ার পর তাঁদের গাড়িচালকসহ সাতজন একসঙ্গে অসুস্থ হয়ে পড়েন। তাঁদের সবারই তীব্র পেটের সমস্যা ও বমি হচ্ছিল বলে জানান তিনি। ওই অনুষ্ঠানে অংশ নেওয়া তাঁর আরও কয়েকজন পরিচিত ব্যক্তিও একই ধরনের সমস্যায় ভুগেছেন বলে দাবি করেন ওই কর্মকর্তা।
অনুষ্ঠানে অংশ নেওয়া নওফেল আহমেদও তাঁর পরিবারের চার সদস্যের অসুস্থতার কথা জানিয়েছেন। তাঁর ভাষ্য, খাবার খাওয়ার সময় কোনো অস্বাভাবিক গন্ধ বা স্বাদ তাঁরা পাননি। সবকিছু স্বাভাবিক মনে হয়েছিল। তবে খাওয়ার পর প্রথমে তাঁর স্ত্রী অসুস্থ হয়ে পড়েন। পরে তিনি নিজে, তাঁর মা ও সন্তানও একই ধরনের সমস্যায় আক্রান্ত হন। তাঁদের সবারই ডায়রিয়ার মতো উপসর্গ ও বমি হচ্ছিল।
নওফেল আহমেদ জানান, অসুস্থ স্ত্রীর চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে চিকিৎসকের শরণাপন্ন হতে হয়েছে। পরে অনুষ্ঠানে অংশ নেওয়া আত্মীয়স্বজনদের মধ্যে যোগাযোগ করে তাঁরা জানতে পারেন, ওই দিন সেখানে খাবার খাওয়া অনেক অতিথিই একই ধরনের অসুস্থতায় ভুগছেন।
এ বিষয়ে ফরচুন কনভেনশন হলের ব্যবস্থাপক শোয়েব হাসান বলেন, তাঁদের আট থেকে দশ বছরের ক্যাটারিং-সংশ্লিষ্ট অভিজ্ঞতায় এমন ঘটনা আগে ঘটেনি। কোথাও কোনো ভুল হয়েছে কি না, তা তাঁরা যাচাই করে দেখছেন।
শোয়েব হাসান জানান, অনুষ্ঠানের খাবারের তালিকায় কাচ্চি বিরিয়ানি, বিফ রেজালা, চিকেন রোস্ট ও বোরহানি ছিল। তাঁর দাবি, প্রতিটি খাবারের উপকরণ বাজার থেকে কেনার পর অতিথিদের প্রতিনিধিকে দেখানো হয়েছিল। এরপর সেগুলো রান্নার জন্য নেওয়া হয়।
তিনি বলেন, ঠিক কোথায় কোনো সমস্যা হয়ে থাকতে পারে, তা শনাক্ত করার চেষ্টা চলছে। অনুষ্ঠানের ভিডিও ফুটেজও পর্যালোচনা করা হচ্ছে। তবে এ ধরনের ঘটনায় সমস্যার উৎস খুঁজে বের করা কঠিন বলে মন্তব্য করেন তিনি।
ব্যবস্থাপক আরও জানান, অনুষ্ঠানে অংশ নেওয়া কয়েকজন অতিথি অবশিষ্ট খাবার সঙ্গে নিয়ে গিয়েছিলেন এবং সেগুলো পরীক্ষাগারে পরীক্ষা করানোর উদ্যোগ নিয়েছেন। পরীক্ষার ফলাফল পাওয়া গেলে খাবারের বিষয়ে কোনো সমস্যা ছিল কি না, তা আরও নির্দিষ্টভাবে জানা যেতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে অতিথির সংখ্যা সম্পর্কে শোয়েব হাসান বলেন, ৩৫০ জনের জন্য বুকিং করা হয়েছিল। তবে প্রকৃতপক্ষে কতজন খাবার খেয়েছেন এবং তাঁদের মধ্যে কতজন অসুস্থ হয়েছেন, সে বিষয়ে তাঁদের কাছে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই।
অতিথিদের অসুস্থতার অভিযোগের বিষয়ে খাবারের পরীক্ষাগারের ফলাফল, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত কিংবা অন্য কোনো যাচাইযোগ্য তথ্য পাওয়া যায়নি। ফলে অসুস্থতার সঙ্গে অনুষ্ঠানের খাবারের সম্পর্ক এবং এর সম্ভাব্য কারণ এখনো নিশ্চিত নয়।



