শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী প্রচারণা জোরদার, ইভটিজিং প্রতিরোধ এবং র্যাগ ডের নামে বিশৃঙ্খলা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। একই সঙ্গে রাতে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বাড়াতে অভিভাবক সমাবেশ, সভা-সেমিনার ও সচেতনতামূলক প্রচারণা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) মাউশির ওয়েবসাইটে প্রকাশিত এক অফিস আদেশে মাঠপর্যায়ের কর্মকর্তাদের এসব নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তৈরি মাদকবিরোধী প্রামাণ্যচিত্র ও থিম সং শিক্ষাপ্রতিষ্ঠানে প্রদর্শন করতে হবে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানে ইভটিজিং প্রতিরোধ এবং র্যাগ ডের নামে যেকোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে কার্যকর ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়েছে। এ ছাড়া নিয়মিত অভিভাবক সমাবেশ, সভা-সেমিনার আয়োজন এবং প্রচারণাপত্র বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের রাতে পড়াশোনায় মনোযোগী করতে সচেতনতা বাড়াতে হবে।
আঞ্চলিক কার্যালয়গুলোতে পাঠানো নির্দেশনায় আরও বলা হয়েছে, আওতাধীন জেলাগুলোর মোট শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা, মাদকবিরোধী প্রামাণ্যচিত্র প্রদর্শনের হার, ইভটিজিং প্রতিরোধ কমিটি গঠন, অভিভাবক সমাবেশ আয়োজন এবং রাতে পড়াশোনায় মনোযোগ বাড়াতে নেওয়া কার্যক্রমের অগ্রগতি ছক আকারে সংকলন করতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে এসব তথ্য ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।



