পরীক্ষামূলক সংস্করণ

নোয়াখালীতে চুরির অভিযোগে মারধরের পর খুঁটিতে বেঁধে রাখা যুবকের মরদেহ উদ্ধার

নোয়াখালীর সদর উপজেলায় টাকা চুরির অভিযোগে এক যুবককে মারধরের পর খুঁটির সঙ্গে বেঁধে রাখার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর কয়েক ঘণ্টা পর ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মো. কবিরের (৩৫) শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে পিটিয়ে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নের দেবীপুর এলাকার একটি দোকানের সামনে থেকে কবিরের মরদেহ উদ্ধার করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৮ মিনিট ১৭ সেকেন্ডের ভিডিওতে কবিরকে আহত অবস্থায় একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখতে দেখা যায়। ভিডিওতে তাঁকে টাকা চুরির অভিযোগে জিজ্ঞাসাবাদ করতেও দেখা যায়। মঙ্গলবার বিকেলে বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি ছড়িয়ে পড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্য অনুযায়ী, সোমবার নোয়াখালী শহরের সোনাপুর পেট্রলপাম্প-সংলগ্ন হাসিব ওয়ার্কশপ থেকে টাকাভর্তি একটি ব্যাগ চুরি হয়। ব্যাগে ১ লাখ ৮০ হাজার টাকা ছিল বলে দাবি করেন ওয়ার্কশপের মালিক মো. হোসেন। চুরির ঘটনার সিসিটিভি ফুটেজ নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করে অভিযুক্ত ব্যক্তিকে কেউ চিনলে তাঁকে জানানোর অনুরোধ করেন তিনি।

এরপর মঙ্গলবার বেলা আড়াইটার দিকে নোয়ান্নই ইউনিয়নের ইসলামগঞ্জ বাজার এলাকার এক ব্যক্তি হোসেনকে ফোন করে টাকা চুরির ঘটনায় জড়িত সন্দেহে কবিরকে শনাক্ত ও আটকের কথা জানান। কবির ওই এলাকার বাসিন্দা। খবর পেয়ে হোসেন তাঁর লোকজন নিয়ে সেখানে যান।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, সেখানে কয়েকজন কবিরকে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে হোসেন ও তাঁর লোকজন আহত কবিরকে ইসলামগঞ্জ বাজার এলাকা থেকে প্রায় ১০ থেকে ১২ কিলোমিটার দূরে নেয়াজপুর ইউনিয়নের দেবীপুর এলাকায় নিয়ে যান। হোসেনের বাড়ি ওই এলাকায়।

স্থানীয় বাসিন্দাদের ধারণা, দেবীপুরে নেওয়ার পর কবিরের মৃত্যু হয়। পরে তাঁর মরদেহ একটি দোকানের সামনে ফেলে রাখা হয়। খবর পেয়ে পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করে।

সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) মো. ইদ্রিস জানান, স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে সন্ধ্যায় দেবীপুর এলাকা থেকে কবিরের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর শরীরে লাঠির আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে তাঁকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তবে কারা এবং কী কারণে কবিরকে মারধর করেছেন, তা তদন্তের আগে নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে জানান এই পুলিশ কর্মকর্তা। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রধান খবর

আর প্রশ্নপত্র ফাঁস হবে না, কোচিংয়ে পড়ানো শিক্ষকদের তালিকা হচ্ছে: শিক্ষামন্ত্রী

আগামী দিনে বাংলাদেশে আর প্রশ্নপত্র ফাঁস হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। নাটোরে এক অনুষ্ঠানে তিনি বলেন, শ্রেণিকক্ষে পাঠদান না করে কোচিং সেন্টারে পড়ানো এমপিওভুক্ত শিক্ষকদের তালিকা তৈরি করা হচ্ছে। দায়িত্বে অবহেলা করলে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা।

১ম বার বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিদায় জানালেন প্রধানমন্ত্রী

প্রথমবারের মতো সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী। বৃহস্পতিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁদের বিদায় জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম ধাপে ১০ হাজার কর্মী পাঠানোর পরিকল্পনা রয়েছে সরকারের।

পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে সরকারি দলের হস্তক্ষেপ ছিল না: শ্রমমন্ত্রী

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে সরকারি দলের হস্তক্ষেপ ছিল না বলে মন্তব্য করেছেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। শনিবার থেকে কাজে ফেরার আহ্বান জানিয়েছেন তিনি।

আসছে...