রাশিয়ার বৃহত্তম ডেটা সেন্টার বালাকভোতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রাশিয়ার বৃহত্তম ব্যাংক ও প্রযুক্তিপ্রতিষ্ঠান স্ভেরব্যাংকের মালিকানাধীন এই ডেটা সেন্টারে হামলার পরও প্রতিষ্ঠানটির সব ব্যবস্থা ও সেবা স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন স্ভেরব্যাংকের ফার্স্ট ডেপুটি সিইও আলেকজান্ডার ভেদিয়াকিন।
বুধবার (১৪ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ভলগা নদীর তীরে রাশিয়ার সারাতভ অঞ্চলের বালাকভো শহরে অবস্থিত ডেটা সেন্টারটি ৫৫ হাজার বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত।
স্ভেরব্যাংকের ফার্স্ট ডেপুটি সিইও আলেকজান্ডার ভেদিয়াকিন সাংবাদিকদের বলেন, ‘আমরা নিশ্চিত করছি যে ডেটা প্রসেসিং সেন্টারে হামলা চালানো হয়েছে। তবে একই সঙ্গে স্ভেরব্যাংকের সব ব্যবস্থা ও সেবা স্বাভাবিকভাবে এবং কোনো বিঘ্ন ছাড়াই সচল রয়েছে।’
গত সপ্তাহে রাশিয়ার প্রযুক্তিপ্রতিষ্ঠান ইয়ানডেক্সের মালিকানাধীন ডেটা সেন্টারগুলোতে তিনটি হামলার ঘটনা ঘটে। এর পর বালাকভোর স্ভেরব্যাংক ডেটা সেন্টারে হামলার খবর সামনে এল। ইউক্রেনের দাবি, তাদের নিজস্ব ডেটা সেন্টারগুলোতে রাশিয়ার হামলার জবাব হিসেবে এসব পাল্টা পদক্ষেপ নেওয়া হচ্ছে।
রাশিয়ার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি খাতে স্ভেরব্যাংক ও ইয়ানডেক্স গুরুত্বপূর্ণ দুটি প্রতিষ্ঠান। স্ভেরব্যাংকের ‘গিগাচ্যাট’ এবং ইয়ানডেক্সের ‘ইয়ানডেক্সজিপিটি’ মডেলের মধ্যে দেশটির অভ্যন্তরীণ বাজারে প্রতিযোগিতা রয়েছে।
উভয় প্রতিষ্ঠানই তাদের এআই মডেল উন্নয়নে বিপুল বিনিয়োগ করেছে। তবে যুক্তরাষ্ট্র ও চীনের শীর্ষস্থানীয় প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর তুলনায় তারা প্রযুক্তিগতভাবে প্রায় নয় মাস পিছিয়ে রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর অন্যতম কারণ হিসেবে পশ্চিমা নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে, যা রাশিয়ার জন্য অত্যাধুনিক হার্ডওয়্যার সংগ্রহ কঠিন করে তুলেছে।
রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ নভোস্তির ২০২৪ সালের এক প্রতিবেদন অনুযায়ী, বালাকভোর ৫৫ হাজার বর্গমিটার আয়তনের এই ডেটা সেন্টারে রাশিয়ার বৃহত্তম সুপারকম্পিউটার স্থাপনের পরিকল্পনা রয়েছে। ২০২৭ সালে সুপারকম্পিউটারটির কার্যক্রম শুরু হওয়ার কথা।
ডেটা সেন্টারটি বালাকভো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে এবং সারাতভ জলবিদ্যুৎকেন্দ্রের পাশে অবস্থিত।
তবে ইউক্রেনের ড্রোন হামলায় কোনো সুপারকম্পিউটার ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, সে বিষয়ে স্ভেরব্যাংক বা ইয়ানডেক্স—কোনো প্রতিষ্ঠানই কিছু জানায়নি।



