কূটনৈতিক প্রতিবেদক
সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন এবং ই-গভর্ন্যান্স খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও পাকিস্তান।
আজ বুধবার (১৪ অক্টোবর) প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। এ সময় দুই দেশের মধ্যে সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
ঢাকায় পাকিস্তান হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে সরকারি কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কর্মসূচি এবং ই-গভর্ন্যান্স খাতে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
এ সময় পাকিস্তানের হাইকমিশনার শিক্ষা, বাণিজ্য এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তিসহ (আইসিটি) বিভিন্ন খাতে দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতার অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে অবহিত করেন।



