কোর ব্যাংকিং সিস্টেমের (সিবিএস) সফটওয়্যার আপগ্রেডেশনের কারণে দুই দিন বন্ধ থাকবে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক পিএলসির সব ধরনের লেনদেন ও ব্যাংকিং সেবা। এ সময় ব্যাংকটির এটিএম কার্ডসহ সংশ্লিষ্ট সেবাগুলোও বন্ধ থাকবে।
বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক থেকে জারি করা এক সার্কুলারে এ তথ্য জানানো হয়েছে।
সার্কুলারে বলা হয়, সোনালী ব্যাংকের কোর ব্যাংকিং সফটওয়্যারের ডেটাবেজ সংস্করণ উন্নীত করার জন্য নির্ধারিত সময়ের ডাউনটাইমের অনুমতি দেওয়া হয়েছে। এ কার্যক্রমের আওতায় সফটওয়্যারের ডেটাবেজ সংস্করণ ‘ওরাকল ১১জি’ থেকে ‘ওরাকল ১৯সি’-তে উন্নীত করা হবে।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ১২টা থেকে সিবিএস আপগ্রেডেশন কার্যক্রম শুরু হবে। এটি শেষ হওয়ার কথা শনিবার (১৭ অক্টোবর) রাত ১১টা ৫৯ মিনিটে। এ সময় ব্যাংকটির সব ধরনের ব্যাংকিং কার্যক্রম ও সেবা বন্ধ থাকবে।
বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে আরও বলা হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ আপগ্রেডেশন কার্যক্রমের অনুমতি দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কোনো কারিগরি জটিলতা দেখা না দিলে শনিবার (১৭ অক্টোবর) ব্যাংকটির স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রমসহ বিভিন্ন সেবা চালু থাকবে।



