সাবেক উপমন্ত্রী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাইয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দেওয়া এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আব্দুল হাই ছিলেন একজন নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ এবং গণতন্ত্রের প্রতি অবিচল আস্থাশীল জাতীয়তাবাদী আদর্শের পরীক্ষিত সৈনিক। বিএনপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী ও সুসংগঠিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, তৃণমূল পর্যায়ে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখা এবং জনগণের সঙ্গে দলের সম্পর্ক সুদৃঢ় করতে আব্দুল হাইয়ের অবদান স্মরণীয় হয়ে থাকবে। স্বৈরাচার ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামেও তিনি রাজপথের অন্যতম বিশ্বস্ত সৈনিক ছিলেন।
তারেক রহমান বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে আব্দুল হাইয়ের দৃঢ় অবস্থান ও রাজনৈতিক অবদান বিএনপির নেতাকর্মীদের অনুপ্রেরণা জোগাবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, আব্দুল হাইয়ের মৃত্যুতে বিএনপি একজন অভিজ্ঞ, ত্যাগী ও আদর্শনিষ্ঠ নেতাকে হারিয়েছে। তাঁর মৃত্যু দেশের জাতীয়তাবাদী রাজনীতির জন্য অপূরণীয় ক্ষতি।
উল্লেখ্য, পাঁচবারের সাবেক সংসদ সদস্য আব্দুল হাই বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।



