নরসিংদীর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে তাঁর বাবা অলিউর রহমানের বিরুদ্ধে। এ ঘটনায় পরিবারের অন্য সদস্যদের সম্পৃক্ততার অভিযোগও উঠেছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বাহেরচর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তারেক রহমানের বয়স ২৮ বছর। তিনি ওই গ্রামের অলিউর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তারেক মালয়েশিয়ায় প্রবাসী ছিলেন। সেখানে মাদক সেবনের কারণে তাঁকে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল বলে স্থানীয়দের দাবি। দেশে ফেরার পর তিনি আবারও মাদকের সঙ্গে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে। নেশার টাকা চেয়ে প্রায়ই বাবা-মাকে মারধর করতেন বলেও জানিয়েছেন স্থানীয়রা।
অভিযোগ অনুযায়ী, বুধবার রাতে মাদকের টাকার জন্য বাড়িতে ভাঙচুর করেন তারেক। একপর্যায়ে তাঁর বাবা অলিউর রহমান তাঁকে হাত-পা বেঁধে বাড়ির পেছনের একটি গোয়ালঘরে নিয়ে যান। সেখানে মারধরের একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তারেকের মাথা, ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। এতে অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
ঘটনার পর থেকে অলিউর রহমান পলাতক রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে পরিবারের অন্য সদস্যদের সম্পৃক্ততার অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদকসংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। নিহতের মাথার পেছনে ও ডান কানের নিচে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।



