ভারতের গ্রেটার নয়ডায় রাতের খাবারে নুডলস খাওয়ার পর একই পরিবারের পাঁচ সদস্যের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে তিন শিশুও রয়েছে। প্রাথমিকভাবে খাদ্যে বিষক্রিয়াকে মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে সন্দেহ করছে পুলিশ। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মৃত ব্যক্তিরা হলেন ৩৭ বছর বয়সী মহেশ, তাঁর স্ত্রী ৩৫ বছর বয়সী ললিতা এবং তাঁদের তিন সন্তান। সন্তানদের মধ্যে দুই ছেলের বয়স ১১ ও তিন বছর এবং মেয়ের বয়স সাত বছর।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (১৬ অক্টোবর) রাতে খাবার খাওয়ার পর পরিবারের সদস্যরা ঘুমাতে যান। পরদিন শনিবার (১৭ অক্টোবর) সকালে এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।
নয়ডা পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে, স্থানীয় বাসিন্দা ও মৃত দম্পতির মায়ের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, পরিবারটি শুক্রবার রাতে নুডলস খেয়েছিল। তবে খাবার খাওয়ার সঙ্গে মৃত্যুর কোনো সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনাস্থলে পুলিশ ও ফরেনসিক দল
গ্রেটার নয়ডার সহকারী পুলিশ কমিশনার রাজীব কুমার সিসোদিয়া জানান, শুক্রবার রাতে খাবার খাওয়ার পর পরিবারের সদস্যরা বিশ্রাম নিতে বিছানায় শুয়েছিলেন। শনিবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের মরদেহ দেখতে পায়।
তিনি বলেন, ঘটনার পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে এবং পরিবারটি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।
খবর পেয়ে জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা, অ্যাম্বুলেন্স, ফরেনসিক দল ও খাদ্য নিরাপত্তা বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। তদন্তের অংশ হিসেবে ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল পরীক্ষা করে বিভিন্ন বৈজ্ঞানিক আলামত সংগ্রহ করছেন।
ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষা
পুলিশ জানিয়েছে, পাঁচজনের মৃত্যুর ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে।
প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা নথিভুক্ত হয়নি বলে জানিয়েছে পুলিশ। তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।



