খাদ্যমন্ত্রী আফরোজা খানমকে না জানিয়ে সরকারি সফরসূচি তৈরি করে খাদ্যগুদাম পরিদর্শনের ঘটনায় তাঁর সহকারী একান্ত সচিবের (এপিএস) পর এবার ব্যক্তিগত কর্মকর্তা (পিও) মো. রফিকুল ইসলামকেও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল শনিবার এক অফিস আদেশে তাঁকে অব্যাহতি দেওয়া হয়।
খাদ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব ক্ষেমালিকা চাকমা আজ রোববার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে অব্যাহতির কারণ সম্পর্কে তিনি মন্তব্য করেননি।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ৮ অক্টোবর রফিকুল ইসলামের স্বাক্ষরে এপিএস মো. আবদুল আওয়াল বুলবুলের টাঙ্গাইলের নাগরপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় ও খাদ্যগুদাম পরিদর্শনের সফরসূচি জারি করা হয়। ওই সূচি অনুযায়ী, ১১ অক্টোবর কয়েকজন সরকারি কর্মকর্তাকে সঙ্গে নিয়ে সেখানে যান আবদুল আওয়াল। সফরসূচিতে সরকারি গাড়ির জ্বালানি ও প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থাও রাখা হয়।



