নিজস্ব প্রতিবেদক: নিশাত নাবিলা সপ্তর্ষি
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় শুটারগান ও এক রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০ (এসআরবি-১০)।
সোমবার (১৯ অক্টোবর) রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে উপজেলার মৌছা এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
এসআরবি-১০-এর শ্রীনগর ক্যাম্পের সিপিসি-২-এর একটি দল মাদক কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি অনাবাদি বালুর মাঠে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় শুটারগান ও এক রাউন্ড তাজা কার্তুজ পাওয়া যায়।
উদ্ধার করা অস্ত্র ও গুলি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১০।
বাহিনীটি জানিয়েছে, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারসহ জননিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। রাষ্ট্রীয় নিরাপত্তা ও জননিরাপত্তা রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।



