কুমিল্লার লাকসামে কর্ণফুলী কমিউটার ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হয়। পরে ডাউনলাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হলেও আপলাইন বন্ধ রয়েছে।
বুধবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লার লাকসাম উপজেলার নাওটি এলাকায় ঢাকামুখী রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
লাকসাম রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র কর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, চট্টগ্রাম থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিল কর্ণফুলী কমিউটার ট্রেনটি। দুপুর সাড়ে ১২টার দিকে লাকসাম জংশনের আগে নাওটি এলাকায় ট্রেনটির তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে আপলাইন ও ডাউনলাইন—দুই পথেই ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
পরে ডাউনলাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। তবে আপলাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
কুমিল্লা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শেখ আনোয়ার জানান, কর্ণফুলী কমিউটার ট্রেনের বগি লাইনচ্যুত হলেও ডাউনলাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। এ ঘটনায় হতাহতের কোনো তথ্য তাঁদের কাছে নেই।
তিনি আরও জানান, লাইনচ্যুত বগিগুলো উদ্ধারে রেসকিউ টিম ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে বগিগুলো উদ্ধার করে আপলাইনেও ট্রেন চলাচল স্বাভাবিক করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।



