কুমিল্লার মনোহরগঞ্জে সম্পত্তি ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে বাবার মরদেহ দাফনে বাধা দিয়েছেন এক ছেলে ও ছয় মেয়ে। সম্পত্তির ন্যায্য হিস্যা বুঝে না পাওয়া পর্যন্ত দাফন করতে দেবেন না বলে জানান তারা। পরে দিনভর দেনদরবার ও আলোচনার পর বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জানাজা শেষে মরদেহ দাফন করা হয়।
হৃদয়বিদারক এ ঘটনা ঘটেছে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার সরসপুর ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে। মৃত ব্যক্তির নাম আব্দুর রব। ৯৫ বছর বয়সী আব্দুর রব ২০ অক্টোবর দিবাগত রাত ১টার দিকে নোয়াখালীর একটি হাসপাতালে মারা যান।
স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুর রবের ১০ সন্তানের মধ্যে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তার মেজো ছেলে সালাউদ্দিন ও সেজো ছেলে আলাউদ্দিন বাবার জীবদ্দশায় কৌশলে সব সম্পত্তি নিজেদের নামে লিখে নিয়েছেন বলে অভিযোগ করেন অন্য সন্তানেরা। এ ঘটনায় ভাইবোনদের মধ্যে ক্ষোভ ও দূরত্ব তৈরি হয়। সেই বিরোধের জের ধরে বাবার জানাজা ও দাফনে বাধা দেন সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ করা সন্তানেরা।
স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার সকালে জানাজার প্রস্তুতি নেওয়া হলে ছোট ছেলে সাইদুর রহমান ও ছয় মেয়ে দাফনে বাধা দেন। বিরোধ মেটাতে স্থানীয়ভাবে কয়েক দফা সালিস-বৈঠকের উদ্যোগ নেওয়া হয়। তবে সমঝোতা না হওয়ায় বিষয়টি সন্ধ্যা পর্যন্ত গড়ায়। পরে দিনভর আলোচনা শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পারিবারিক কবরস্থানে আব্দুর রবের মরদেহ দাফন করা হয়।
স্থানীয় মসজিদের সভাপতি মো. সামছুল হক বলেন, পরিবারের সদস্য ও সমাজের কাউকে না জানিয়ে দুই ভাই আলাউদ্দিন ও সালাউদ্দিন গোপনে বাবার কাছ থেকে সব সম্পত্তি রেজিস্ট্রি করে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। প্রায় ছয় মাস আগে ছোট ছেলে সাইদুর রহমান বাড়িতে বিদ্যুতের মিটার নামানোর জন্য খতিয়ান ও দাগ নম্বরের প্রয়োজন হলে বিষয়টি জানাজানি হয়। এরপর ভাইবোনদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এ নিয়ে স্থানীয়ভাবে কয়েকবার বৈঠকের উদ্যোগ নেওয়া হলেও অভিযুক্ত দুই ভাই সেখানে উপস্থিত হননি।
মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আহমদ বলেন, বুধবার সকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ শ্রীধরপুর গ্রামে মরদেহ দাফনে বাধা দেওয়ার অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, নেতৃবৃন্দ ও পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করা হয়। সবার সম্মতিতে সন্ধ্যা সাড়ে ৬টায় জানাজা শেষে আব্দুর রবের মরদেহ দাফন করা হয়।



