গাজীপুরের শ্রীপুরে নেশার টাকা ও পারিবারিক কলহের জেরে আব্দুস সামাদ (৫৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ছেলে আনোয়ার হোসেনের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে পলাতক রয়েছেন।
রোববার (২৬ অক্টোবর) ভোর ৫টার দিকে শ্রীপুর উপজেলার সাইটালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুস সামাদ ওই গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন গভীর রাতে নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরে পরিবারের সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন আনোয়ার হোসেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তাঁর বাবা আব্দুস সামাদ তাঁকে শান্ত করার চেষ্টা করেন এবং বাধা দেন।
এতে ক্ষিপ্ত হয়ে আনোয়ার তাঁর বাবার ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে। তিনি লাঠি দিয়ে আব্দুস সামাদের মাথা ও বুকে এলোপাতাড়ি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে অভিযুক্ত আনোয়ার দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, খবর পাওয়ার পর পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। পলাতক অভিযুক্ত আনোয়ারকে গ্রেপ্তারে পুলিশের অভিযান শুরু হয়েছে।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।



