পরীক্ষামূলক সংস্করণ

পূজা দেখতে বেরিয়ে নিখোঁজ, দুদিন পর নদীতে মিলল কলেজছাত্রের মরদেহ

মায়ের সঙ্গে পূজামণ্ডপ ঘুরে বাড়ি ফিরেছিলেন। পরে পোশাক বদলে আবারও পূজা দেখতে বের হন সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী কৌশিক সাহা জিতু (২৩)। যাওয়ার সময় মাকে জানিয়ে যান, তাঁর পকেটে বাড়ির গেটের চাবি রয়েছে। তবে সেদিন রাতে আর বাড়ি ফেরা হয়নি তাঁর। নিখোঁজের দুই দিন পর ফরিদপুরের কুমার নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর পৌরসভার ভাটিলক্ষ্মীপুর এলাকার মদনখালী স্লুইসগেটসংলগ্ন কুমার নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

কৌশিক সাহা জিতু ফরিদপুর শহরের ওয়্যারলেসপাড়া এলাকার কমলেশ সাহার ছেলে। তিনি সরকারি রাজেন্দ্র কলেজের রসায়ন বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ১৮ অক্টোবর বিকেলে মায়ের সঙ্গে শহরের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে বাড়ি ফেরেন কৌশিক। পরে পোশাক পরিবর্তন করে আবার পূজামণ্ডপে যাওয়ার উদ্দেশ্যে বের হন। এ সময় মাকে বাড়ির গেটের চাবি সঙ্গে থাকার কথা জানিয়ে যান। তবে রাতে আর বাড়ি ফেরেননি তিনি।

পরদিন সোমবার (১৯ অক্টোবর) সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান না পেয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে পরিবার।

মঙ্গলবার সকাল সাতটার দিকে স্থানীয় বাসিন্দারা কুমার নদে একটি মরদেহ ভাসতে দেখে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে নৌ-পুলিশের ফরিদপুর কোতোয়ালি ফাঁড়ি ও কোতোয়ালি থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। সে সময় মরদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল।

খবর পেয়ে কৌশিকের বাবা কমলেশ সাহাসহ স্বজনেরা ঘটনাস্থলে যান। পরনের টি-শার্ট ও প্যান্ট দেখে তাঁরা প্রাথমিকভাবে মরদেহটি শনাক্ত করেন। পরে পকেটে পাওয়া বাড়ির গেটের চাবি তাঁর পরিচয় নিশ্চিত করার গুরুত্বপূর্ণ সূত্র হয়ে ওঠে।

কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ হোসেন জানান, মরদেহ পচে ফুলে যাওয়ায় তাৎক্ষণিকভাবে শনাক্ত করতে সমস্যা হচ্ছিল। পরে পকেটে থাকা চাবিটি কৌশিকের বাড়িতে নিয়ে পরীক্ষা করা হয়। ওই চাবি দিয়ে বাড়ির তালা খোলার পর তাঁর পরিচয় নিশ্চিত হওয়া যায়।

ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুল হাসানসহ সিআইডি ও পিবিআইয়ের তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন করে।

অতিরিক্ত পুলিশ সুপার আজমীর হোসেন জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনার রহস্য উদ্‌ঘাটনে পুলিশের একাধিক দল কাজ করছে।

প্রধান খবর

গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

গাজীপুরের কোনাবাড়ীর দেওয়ালিয়াবাড়ী এলাকায় ঝুটের গোডাউনে আগুন ছড়িয়ে পড়েছে আশপাশের আরও কয়েকটি গোডাউনে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। হাম ও উপসর্গে মোট মৃতের সংখ্যা ১ হাজার ২৩৩ জনে পৌঁছেছে, হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ৪৬৬ জন।

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর নেতৃত্বাধীন প্রতিনিধিদল। বৈঠকে বাংলাদেশ-জাপান সম্পর্ক, বিনিয়োগ, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

আসছে...