রাজবাড়ী শহরের পান্না চত্বরে প্রকাশ্যে গুলির ঘটনায় আমিন হোসেন লিটন নামে এক যুবক আহত হয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। তাঁর হাতে গুলি লেগেছে।
আহত আমিন হোসেন লিটন রাজবাড়ী সদর উপজেলার বানীবহ ইউনিয়নের বিচিত্রা গ্রামের মৃত আবুল হোসেন মোল্লার ছেলে। তিনি বানীবহ বাজার ব্যবসায়ী পরিষদের সাধারণ সম্পাদক। বাজারে তাঁর একটি ক্রোকারিজের দোকান রয়েছে।
লিটনের ভাষ্য অনুযায়ী, রাজবাড়ী কোর্ট চত্বর হয়ে পান্না চত্বরে পৌঁছানোর পর একটি অটোরিকশা থেকে নেমে কয়েকজন দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় তিনি দৌড়ে সরে যাওয়ার চেষ্টা করলে একটি গুলি তাঁর হাতে লাগে। ঘটনার সময় তাঁর সঙ্গে মুন্সি নামের আরেক ব্যক্তি ছিলেন।
পরে স্থানীয় লোকজন আহত লিটনকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ফরিদপুরে নেওয়ার পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসক।
রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেন বলেন, গুলিতে একজন আহত হয়েছেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



