পরীক্ষামূলক সংস্করণ

বাবাকে হত্যার পর আত্মগোপনে, মোবাইল চার্জ দিতে গিয়ে ধরা ছেলে

গাজীপুরের শ্রীপুরে নেশার টাকা ও পারিবারিক কলহের জেরে বাবা আব্দুস সামাদকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় ছেলে আনোয়ার হোসেনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ১০টার দিকে শ্রীপুর উপজেলার একটি প্রতিবেশীর বাড়িতে মোবাইল ফোন চার্জ দিতে গেলে স্থানীয়রা তাকে দেখতে পান। পরে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করা হয়। শ্রীপুর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম মঙ্গলবার রাতে জানান, বাবাকে হত্যার ঘটনায় স্থানীয়রা আনোয়ার হোসেনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। তাকে থানায় নেওয়া হয়েছে। বুধবার তাকে আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।

নিহতের স্বজনদের ভাষ্য, বাবাকে হত্যার পর আনোয়ার আত্মগোপনে চলে যান। পুলিশ ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাচ্ছিলেন না।

মঙ্গলবার রাত ১০টার দিকে আনোয়ার হঠাৎ এক প্রতিবেশীর বাড়িতে মোবাইল ফোন চার্জ দিতে যান। তাকে দেখতে পেয়ে বাড়ির লোকজন স্থানীয়দের খবর দেন। স্থানীয়রা এগিয়ে এলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয়রা ধাওয়া করে তাকে আটক করে একটি গাছের সঙ্গে বেঁধে রাখেন এবং পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

এর আগে, গত রোববার (২৬ অক্টোবর) ভোর ৫টার দিকে শ্রীপুর উপজেলার সাইটালিয়া গ্রামে নেশার টাকা নিয়ে বিরোধ ও পারিবারিক কলহের জেরে আব্দুস সামাদকে লাঠি দিয়ে মাথা ও বুকে এলোপাতাড়ি আঘাত করার অভিযোগ ওঠে তার ছেলে আনোয়ার হোসেনের বিরুদ্ধে। এতে আব্দুস সামাদের মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং আলামত সংগ্রহ করে। পরে নিহতের ভাই কামরুল ইসলাম বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা করেন। ঘটনার পর থেকে আনোয়ার পলাতক ছিলেন।

প্রধান খবর

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৪৬

স্পেনের তোলেদো প্রদেশে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু যাত্রী। উদ্ধারকাজ চলছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্পেনে দুই উচ্চগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ১০

স্পেনের টোলেডো প্রদেশে দুই উচ্চগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। বুধবার সকালের এ দুর্ঘটনার পর মাদ্রিদ ও আন্দালুসিয়ার মধ্যে রেল চলাচল বন্ধ রাখা হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সাগর-রুনি হত্যা: ১৪ বছরেও মেলেনি খুনিদের পরিচয়

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলায় ১৪ বছরেও খুনিদের পরিচয় ও হত্যার উদ্দেশ্য নিশ্চিত হয়নি। তদন্ত শেষ করতে টাস্কফোর্সকে আরও ছয় মাস সময় দিয়েছেন হাইকোর্ট।

আসছে...