স্পেনের মধ্যাঞ্চলে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় বহু যাত্রী আহত হয়েছেন। উদ্ধারকাজ চলমান থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বুধবার (২৮ অক্টোবর) সকালে রাজধানী মাদ্রিদের দক্ষিণে তোলেদো প্রদেশের উরদা এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় স্পেনের রাষ্ট্রীয় রেল সংস্থা রেনফে এবং বেসরকারি রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ইরিওর দুটি ট্রেন জড়িত ছিল। ট্রেন দুটি মাদ্রিদ-সেভিল রুটে চলাচল করছিল।
রেল অবকাঠামো পরিচালনাকারী সংস্থা আদিফ জানিয়েছে, দুটি ট্রেনের সংঘর্ষের পর মাদ্রিদ থেকে আন্দালুসিয়া অঞ্চলের উচ্চগতির রেল চলাচল বন্ধ রাখা হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, রেনফের একটি দ্রুতগতির ট্রেন সামনে থাকা ইরিওর ট্রেনের পেছনে ধাক্কা দেয়। এতে কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে রেললাইনের পাশের ঢালে পড়ে যায়।
কাস্তিয়া-লা মাঞ্চা আঞ্চলিক সরকারের মুখপাত্র এথার পাদিওলা জানান, উদ্ধার তৎপরতা চলছে। সময়ের সঙ্গে সঙ্গে প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানান, পরিবহণমন্ত্রীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
জরুরি সেবা বিভাগের পক্ষ থেকে দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী দল ও জরুরি চিকিৎসাসেবা মোতায়েন করা হয়েছে। উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের একাধিক দল, তিনটি বিশেষ হেলিকপ্টার এবং দুটি মোবাইল নিবিড় পরিচর্যা ইউনিট অংশ নিয়েছে।
দুর্ঘটনার কারণ এবং আহত ব্যক্তিদের সঠিক সংখ্যা নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।



