নওগাঁর বদলগাছীতে পাথরবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আব্দুল হান্নান (৪১) নামে এক ব্যাংক কর্মচারী নিহত হয়েছেন। বুধবার (৪ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার কোলা ইউনিয়নের কেশাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল হান্নান বদলগাছী উপজেলার রুকুনপুর গ্রামের রমজান আলীর ছেলে। তিনি রূপালী ব্যাংক পিএলসির জয়পুরহাটের আক্কেলপুর শাখায় অফিস সহায়ক পদে কর্মরত ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার সকালে মোটরসাইকেল নিয়ে কর্মস্থল আক্কেলপুরের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন হান্নান। পথে কোলা ইউনিয়নের কেশাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আক্কেলপুরগামী একটি পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি হন তিনি। এ সময় সড়কের বাম পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরে বালু লোড করা হচ্ছিল।
হঠাৎ সামনে চলে আসা পাথরবোঝাই ট্রাকের কারণে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান হান্নান। এতে তার মোটরসাইকেলটি প্রথমে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের পেছনে ধাক্কা দেয়। তিনি ছিটকে সড়কে পড়ে গেলে বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই ট্রাকের পেছনের চাকার নিচে পিষ্ট হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাক ও অবৈধ যানটির বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার পাশাপাশি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



