পাবনার বেড়া পৌর এলাকায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ থামলেও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক কাটেনি। রোববার (২২ নভেম্বর) পৌর এলাকার বিভিন্ন মহল্লায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সংঘর্ষের আশঙ্কায় অনেক ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ এলাকায় টহল দিচ্ছে পুলিশ ও প্রশাসন। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাঁচ সমর্থককে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন বেড়া পৌর সদরের বৃশালিখা মহল্লার মৃত মোকাদ্দেস হোসেনের ছেলে মোখলেছুর রহমান (৫৫), মৃত আব্দুল মজিদ সরকারের ছেলে রফিকুল ইসলাম (৪৫), সম্ভুপুর মহল্লার মৃত সুলতান সরদারের ছেলে সালাম সরদার (৭১) এবং আব্দুল মালেক সরদারের দুই ছেলে সাব্বির হোসেন (২৭) ও রাব্বি হাসান (২৩)। পুলিশ তাঁদের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থক বলে দাবি করেছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, রোববার ভোররাতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
এর আগে সংঘর্ষের ঘটনার পর বেড়া মডেল থানার ওসি নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়। তাঁর স্থলে পাবনা সদর সার্কেলের পরিদর্শক গোলাম মোস্তফাকে দায়িত্ব দেওয়া হয়েছে। শনিবার রাতে জেলা পুলিশের পক্ষ থেকে এ আদেশ দেওয়া হয় বলে জানান পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ।
পুলিশ সুপার জানান, সংঘর্ষের ঘটনায় তখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং নতুন করে বিশৃঙ্খলা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
রোববার দুপুরে বেড়া পৌর সদরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সংঘর্ষের পর নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ায় অনেক ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ঘটনাস্থলে ইট-পাটকেল পড়ে থাকতে দেখা গেছে। সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বাড়ির সামনে গাছের ডাল, বাঁশ ও টিন দিয়ে প্রতিবন্ধক তৈরি করা হয়েছে।
বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুনাল্ড চাকমা বলেন, আইনশৃঙ্খলার বিষয়টি পুলিশ দেখছে। প্রশাসনও পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং বিভিন্ন এলাকা পরিদর্শন করে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার চেষ্টা করছে। আহত ব্যক্তি ও ভাঙচুর-অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির মতো পরিস্থিতি তখনো তৈরি হয়নি বলে জানান তিনি। তবে আগের তুলনায় পরিস্থিতির উন্নতি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টার দিকে বেড়া পৌর এলাকায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দফায় দফায় সংঘর্ষ সন্ধ্যার দিকে থামে। এতে বেশ কয়েকজন আহত হন। তাঁদের মধ্যে জিসান (১৫) নামের এক কিশোর গুরুতর আহত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল এবং পাল্টাপাল্টি ধাওয়াকে কেন্দ্র করে বেড়া পৌর এলাকার পায়না, হাতিগাড়া, বৃশালিখা, স্যানালপাড়া ও সওদাগরপাড়াসহ কয়েকটি মহল্লায় উত্তেজনা চলছিল। এর জেরে গত কয়েক দিনে উভয় পক্ষের সমর্থকদের কয়েকটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।



