মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরের শ্রীপুরে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকেরা। সোমবার (২৩ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত গড়গড়িয়া মাস্টারবাড়ি, গিলারচালা, নতুন বাজার ও পুরান বাজার এলাকায় কয়েক দফায় অবরোধের চেষ্টা করেন তাঁরা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত শ্রীপুরের বিভিন্ন এলাকায় মোট ছয় দফায় মহাসড়ক অবরোধের চেষ্টা করেন শ্রমিকেরা। সকাল সাড়ে ১০টার দিকে গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় লাঠিসোঁটা নিয়ে মহাসড়কে অবস্থান নেন তাঁরা।
এ সময় গিলারচালা এলাকায় পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছিলেন। খবর পেয়ে প্রায় ১৫ মিনিটের মধ্যে পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) ঘটনাস্থলে পৌঁছায়।
একপর্যায়ে বিক্ষোভকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে তাঁদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।
পরে শ্রমিকেরা মহাসড়কের পাশের বিভিন্ন সংযোগ সড়কে অবস্থান নেন। এ সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে আবার যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয় একটি পোশাক কারখানার এক শ্রমিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমরা ন্যায্য দাবি নিয়ে সড়কে এসেছি।” তাঁর অভিযোগ, দাবি জানাতে শ্রমিকদের বাধা দিচ্ছেন স্থানীয় নেতা-কর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। শ্রমিকদের দাবি, তাঁরা কোনো নাশকতায় অংশ নিচ্ছেন না।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, পরিস্থিতি ও যান চলাচল স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে আছেন।
গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মো. জাহেদুল ইসলাম বলেন, বিচ্ছিন্নভাবে শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। তাঁদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।



