কিশোরগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাতটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। রোববার (২২ নভেম্বর) জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক ব্যক্তিরা হলেন করিমগঞ্জ উপজেলার গণেশপুর এলাকার উজ্জ্বল মিয়া (৩৯), কিশোরগঞ্জ সদর উপজেলার চাউলমহল এলাকার তানভীর ইসলাম পিয়াল (২৫), সদর উপজেলার বৌলাই ইউনিয়নের রানা ইদ্রিস (৪০), হারজাগী এলাকার তামিম মিয়া (২৪) এবং করিমগঞ্জ উপজেলার রাজকুন্তি এলাকার নওফেল (২৪)।
ডিবি সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল, খরমপট্টি, বৌলাই ইউনিয়নের দিঘীরপাড় ও নাকভাঙ্গা এবং করিমগঞ্জ উপজেলার বালিখোলাসহ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এসব অভিযানে সাতটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানান, আটক পাঁচজনসহ চক্রের আরও ৮ থেকে ১০ জন পলাতক সদস্যের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পলাতক ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।



